সিলেটে মাজারের বাউল গানের আসরে হামলা ও ভাঙচুর

সিলেটের বিশ্বনাথ উপজেলায় একটি বাউলগানের আসরে হামলা চালিয়ে অনুষ্ঠান পণ্ড করে দেওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় একদল ব্যক্তি ওই আসরে ভাঙচুর চালায় এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দেয় বলে জানা গেছে।
বিজ্ঞাপন
গত রোববার রাতে উপজেলার শ্রীপুর গ্রামে ইব্রাহিম শাহ মাজারের পাশের এলাকায় এ ঘটনা ঘটে। পরদিন সোমবার সকাল থেকে হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
আয়োজকদের দাবি, ইব্রাহিম শাহ মাজারকে কেন্দ্র করে প্রায় ১০০ বছর ধরে নির্দিষ্ট সময়ে বাউলগানের আসর ও ওরস অনুষ্ঠিত হয়ে আসছে। এ ধারাবাহিকতায় এবারও তিন দিনের অনুষ্ঠান চলছিল। দ্বিতীয় দিনের রাতে হঠাৎ শতাধিক লোক এসে মঞ্চে হামলা চালিয়ে আসর বন্ধ করে দেয়।
বিজ্ঞাপন
ভিডিওতে দেখা যায়, হামলাকারীরা মঞ্চে উঠে বাদ্যযন্ত্র ও সাউন্ড সিস্টেম ভাঙচুর করছে। দর্শকদের বসার চেয়ারও ভেঙে ফেলা হয়। পরে তারা মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়ে এলাকা ত্যাগ করে।
এ বিষয়ে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
তার ভাষ্য অনুযায়ী, ঘটনাটি মূল মাজার এলাকায় নয়, পাশের একটি অস্থায়ী মঞ্চে গানবাজনা চলছিল। এতে স্থানীয়দের ঘুমে ব্যাঘাত ঘটায় তারা এসে অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে। পরে উভয় পক্ষই বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে বলে স্বীকার করেছে এবং স্থানীয়ভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। কোনো পক্ষই মামলা করেনি।
বিজ্ঞাপন
অন্যদিকে মাজারের খাদেম দুদু মিয়া অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে এখানে নিয়মিতভাবে ওরস ও বাউলগানের আসর অনুষ্ঠিত হয়ে আসছে। কিন্তু এবারের অনুষ্ঠানে কোনো পূর্বঘোষণা ছাড়াই একদল লোক এসে ভাঙচুর চালায়।
তিনি আরও অভিযোগ করেন, ঘটনার পর বিষয়টি ভিন্ন দিকে নেওয়ার জন্য পাশের একটি মসজিদের জানালার গ্লাস ভাঙচুর করা হয় এবং দায় মাজারপক্ষের ওপর চাপানোর চেষ্টা করা হয়।
বিজ্ঞাপন
স্থানীয় প্রশাসন জানিয়েছে, উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছে।








