যশোরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি

যশোরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। নিহতরা সম্পর্কে বাবা, ছেলে ও নাতি। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
বিজ্ঞাপন
সোমবার (২৩ মার্চ) গভীর রাত ২টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের গাইদঘাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতদের বাড়ি যশোরের মণিরামপুর উপজেলার ফাতেহাবাদ গ্রামে।
নিহতরা হলেন—মজিদ সরদার (৭০), তার ছেলে মাহমুদ হাসান জাকারিয়া জনি (৪৩) এবং জনির চার বছর বয়সী মেয়ে সেহেরিশ।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, নিহত ও আহতরা চুয়াডাঙ্গা আত্মীয় বাড়ি থেকে প্রাইভেটকার যোগে যশোরের মণিরামপুরে নিজ বাড়ি ফিরছিলেন। তারা যশোর-মাগুরা সড়কের যশোরের বাঘারপাড়া উপজেলার গাইদঘাট নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বট গাছের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন।
পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
বারবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক জাহিদ জানান, মরদেহগুলো উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিজ্ঞাপন








