পেট্রোলবাহী লরিতে আগুন, চালকের সাহসিকতায় বেঁচে গেল ফিলিং স্টেশন

বরিশালের গৌরনদীতে পেট্রোলবাহী একটি লরিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে লরির চালকের দ্রুত ও সঠিক পদক্ষেপের কারণে ফিলিং স্টেশন ও আশপাশের এলাকা বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (৫ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে গৌরনদী উপজেলার নাহার সিনেমা হল সংলগ্ন সেন্ট পিটার ফিলিং স্টেশনে ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: এআইয়ে বদলে দিচ্ছে নারী উদ্যোক্তাদের জীবন
জানা যায়, পদ্মা ডিপো থেকে তেল সরবরাহের জন্য ফিলিং স্টেশনে প্রবেশ করা লরিটিতে হঠাৎ আগুন লাগে। পরিস্থিতি অবিলম্বে বুঝে চালক লরিটিকে ফিলিং স্টেশন এলাকা থেকে সরিয়ে সরাসরি গৌরনদী-আগৈলঝাড়া সড়কের ওপরে নিয়ে যান। এতে ফিলিং স্টেশন আগুনের কবল থেকে রক্ষা পায় এবং বড় ধরনের বিস্ফোরণ ও ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।
বিজ্ঞাপন
ঘটনার সময় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, লরিতে আগুন কী কারণে লেগেছে এবং এতে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। বিষয়টি তদন্তের আওতায় আনা হয়েছে।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীরা জানান, চালকের তৎপরতার কারণে বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে। স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের জন্য প্রশংসা করেছেন।
এ ঘটনায় তেলবাহী লরির সঠিক রক্ষণাবেক্ষণ এবং নিরাপদ ব্যবস্থাপনা নিয়ে আবারও গুরুত্বারোপ করা হয়েছে। ইউএনও জানিয়েছেন, তদন্ত শেষে আগুন লাগার কারণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।








