Logo

ফুটপাত উচ্ছেদ কেন্দ্র করে যুবদল ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ

profile picture
জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ
৫ এপ্রিল, ২০২৬, ১৭:৫৫
ফুটপাত উচ্ছেদ কেন্দ্র করে যুবদল ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা ফুটপাত দোকান উচ্ছেদকে কেন্দ্র করে যুবদল ও ছাত্রদলের মধ্যে তুমুল সংঘর্ষ ঘটেছে। রবিবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে অভিযান চলাকালীন এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানিয়েছেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুইপাশে সরকারি জায়গা অবৈধভাবে দখল করে প্রায় ৫ শতাধিক ফুটপাত দোকান গড়ে উঠেছে। এসব দোকান থেকে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের কিছু নেতা নিয়মিতভাবে ভাড়া ও চাঁদা আদায় করে আসছিলেন।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজার নেতৃত্বে সড়ক ও জনপথ কর্তৃপক্ষ এবং হাইওয়ে পুলিশের যৌথ অভিযানে দোকান উচ্ছেদ শুরু হলে সংঘর্ষের ঘটনা ঘটে। জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মনিরুল ইসলামের ছেলে এবং যুবদল নেতা রিয়াজুল ইসলাম রিনাজের নেতৃত্বে ১০-১৫ জনের একটি দল মহড়া দেয়। বিপরীতে ছাত্রদল ও মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের একদল নেতা হামলা চালায়। সংঘর্ষে যুবদলের তামিমকে বেধরক মারপিট করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে।

বিজ্ঞাপন

সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার জানিয়েছেন, গণ-অভ্যুত্থানের পর থেকেই এই ফুটপাত থেকে একপক্ষ ভাড়া ও চাঁদা আদায় করে আসছিল। উচ্ছেদের পর আরেকপক্ষ খালি জায়গা দখল করে দোকান বসিয়ে একই ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে। একসঙ্গে দুটি গ্রুপ ফুটপাত নিয়ন্ত্রণের চেষ্টা করায় সংঘর্ষের উদ্রেক হয়েছে।

মারামারিতে লিপ্ত হওয়ায় উভয় পক্ষের নেতারা ঘটনার বিস্তারিত প্রকাশে অনীহা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

উচ্ছেদ অভিযানের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা বলেন, সরকারি জায়গা অবৈধভাবে দখল করে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ভবিষ্যতে কেউ এই জায়গায় অবৈধ স্থাপনা গড়ে তুললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আহসান উল্লাহ মজুমদার, সহকারী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, হাইওয়ে পুলিশের গাজিপুর জিয়নের পুলিশ সুপার সিমা রানী সরকার, শিমরাইল ক্যাম্পের ইনচার্জ টিআই জুলহাস উদ্দিন, সিদ্ধিরগঞ্জ থানার ওসি তদন্ত মিজানুর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা।

এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং উচ্ছেদ অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা সতর্ক অবস্থানে রয়েছেন। স্থানীয়রা আশঙ্কা করছেন, যদি পুনরায় কেউ সরকারি জায়গা দখল করার চেষ্টা করে, ভবিষ্যতে আরও বড় ধরনের সংঘর্ষের সম্ভাবনা রয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD