Logo

মারা গেলেন আওয়ামী লীগের সাবেক এমপি এবিএম আনোয়ারুল হক

profile picture
জেলা প্রতিনিধি
মানিকগঞ্জ
৫ এপ্রিল, ২০২৬, ২০:০৫
মারা গেলেন আওয়ামী লীগের সাবেক এমপি এবিএম আনোয়ারুল হক
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবিএম আনোয়ারুল হক আর নেই। রোববার (৫ এপ্রিল) সকাল ৮টায় ঢাকার শ্যামলী স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে ছাড়াও অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

বিজ্ঞাপন

তার ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট নিজাম উদ্দিন জানিয়েছেন, বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতা নিয়ে তিনি কিছুদিন ধরে হাসপাতালে ছিলেন।

১৯৪৯ সালে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এবিএম আনোয়ারুল হক। শিক্ষাজীবনে তিনি ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা অর্জন করেন। এরপর সড়ক ও জনপথ বিভাগে দীর্ঘ সময় নিষ্ঠার সঙ্গে কর্মরত ছিলেন।

বিজ্ঞাপন

এরপর রাজনীতির ময়দানে পা রাখেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের সক্রিয় রাজনীতিতে যুক্ত হয়ে ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ (দৌলতপুর-ঘিওর-শিবালয়) আসন থেকে নৌকা প্রতীকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন।

সংসদে দায়িত্বকালীন সময়ে তিনি জাতীয় সংসদের পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া যমুনা নদীর ভাঙন থেকে এলাকা রক্ষায় জাফরগঞ্জ বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প সরকারি অনুমোদন পেয়েছিল তার বলিষ্ঠ উদ্যোগে। নির্বাচনি এলাকায় গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নেও তিনি অগ্রণী ভূমিকা রেখেছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD