Logo

সাইবার আইনের মামলায় কারাগারে জামায়াতের নারী কর্মী

profile picture
জেলা প্রতিনিধি
ভোলা
৬ এপ্রিল, ২০২৬, ২০:৩২
সাইবার আইনের মামলায় কারাগারে জামায়াতের নারী কর্মী
ছবি: সংগৃহীত

সাইবার আইনে দায়ের করা একটি মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নারী কর্মীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে দলটির নেতাকর্মীরা। এ ঘটনায় অবিলম্বে মুক্তির দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় ভোলা জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির স্থানীয় নেতারা এই প্রতিবাদ জানান।

গ্রেপ্তার হওয়া নারীর নাম বিবি সাওদা (৩৭)। তিনি ভোলা পৌরসভার একজন সক্রিয় মহিলা কর্মী বলে জানা গেছে। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, তার বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে কোনো সুস্পষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়নি।

বিজ্ঞাপন

লিখিত বক্তব্যে বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম নাগরিকদের মত প্রকাশের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র, যেখানে স্বাধীনভাবে মতামত দেওয়ার সুযোগ থাকা উচিত। কিন্তু অতীতে এ ধরনের আইনের অপব্যবহার করে মতপ্রকাশের স্বাধীনতা সীমিত করা হয়েছে বলেও অভিযোগ তোলেন তারা।

তারা আরও উল্লেখ করেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ প্রত্যাশিত হলেও এই গ্রেপ্তার সেই প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

জানা গেছে, গত ৫ এপ্রিল গভীর রাতে ভোলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আদর্শ একাডেমি সড়কের একটি বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনী বিবি সাওদাকে আটক করে। এ সময় কোনো পর্যাপ্ত দালিলিক ভিত্তি ছাড়াই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেন দলীয় নেতারা।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে তার পারিবারিক অবস্থার বিষয়টিও তুলে ধরা হয়। বলা হয়, বিবি সাওদার একটি তিন বছর বয়সী প্রতিবন্ধী সন্তান রয়েছে, যার পরিচর্যার জন্য মায়ের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবার বিষয়টি বিবেচনার অনুরোধ জানালেও তা গুরুত্ব পায়নি বলে অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের সেক্রেটারি মওলানা হারুন অর রশিদ লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আমির মুহাম্মদ জাকির হোসাইন, নায়েবে আমির অধ্যক্ষ নজরুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

বক্তারা দ্রুত বিবি সাওদার নিঃশর্ত মুক্তি দাবি করেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD