খাগড়াছড়িতে বর্ণিল শোভাযাত্রায় বৈসাবি উৎসবের উদ্বোধন

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের পাহাড়ে বর্ষবিদায় ও বর্ষবরণ উৎসব বৈসাবি উদযাপনকে ঘিরে খাগড়াছড়িতে তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা শুরু হয়েছে। বৈসাবি উৎসব পার্বত্য এলাকার মানুষের প্রধান সামাজিক ও সাংস্কৃতিক উৎসব।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালেই জেলার প্রধান শোভাযাত্রার মাধ্যমে বৈসাবি কর্মসূচির উদ্বোধন করা হয়। জেলা পরিষদ প্রাঙ্গণে শান্তির পায়রা ও রঙিন বেলুন উড়িয়ে উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। উপস্থিত ছিলেন জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মো: নোমান হোসেন, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাজিয়া তাহের, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ, অতিরিক্ত পুলিশ সুপার সাহাদাত হোসেনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা।
আরও পড়ুন: নবাবগঞ্জে মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ শুরু
শোভাযাত্রাটি জেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে টাউন হল প্রাঙ্গণে সমাপ্ত হয়। এতে অংশ নেন হাজারো পাহাড়ি ও বাঙালি নারী-পুরুষ, তরুণ-তরুণী ও শিশু-কিশোর। বর্ণিল পোশাক, অলংকার এবং বাদ্যযন্ত্রের সঙ্গে শোভাযাত্রায় জেলার বিভিন্ন সম্প্রদায় ও জনগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য ফুটে ওঠে। বিশেষ করে চাকমা, মারমা ও ত্রিপুরা সম্প্রদায়ের সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মনোগ্রাহী হয়। পাশাপাশি মারমাদের ঐতিহ্যবাহী পানি খেলা ও ডিসপ্লে প্রদর্শনও শোভাযাত্রার আকর্ষণীয় অংশ ছিল।
বিজ্ঞাপন
জানা গেছে, আগামী ১২ এপ্রিল থেকে তিন পার্বত্য জেলায় ঐতিহ্যবাহী কায়দায় ধর্মীয় ও সামাজিক রীতিতে বর্ষবিদায় ও বর্ষবরণ উৎসব বৈসাবি অনুষ্ঠিত হবে।








