অনলাইনে জিরার বীজ সংগ্রহ করে প্রথমবারের চাষে সফল কৃষক

দিনাজপুরের হাকিমপুর উপজেলার সীমান্তঘেঁষা খট্রামাধবপাড়া ইউনিয়নের সাতকুড়ী গ্রামের কৃষক হামিদুর রহমান অনলাইনের মাধ্যমে জিরার বীজ সংগ্রহ করে প্রথমবারের মতো জিরা চাষে সফল হয়েছেন। মাত্র ২ শতাংশ জমিতে চাষ করে তিনি প্রায় সাড়ে তিন কেজি জিরা উৎপাদন করেছেন।
বিজ্ঞাপন
কৃষক হামিদুর রহমান জানান, অনলাইনের মাধ্যমে বীজ সংগ্রহ করে চাষ শুরু করেছি। আমাদের এলাকায় আগে কখনো জিরা চাষ হয়নি। প্রথমবার ভালো ফলন পেয়েছি। বাজারের তুলনায় জিরার সুগন্ধও ভালো, যা আমাকে আরও বড় জমিতে চাষের উৎসাহ দিচ্ছে।
স্থানীয় কৃষক একরামুল হোসেন বলেন, আমাদের এলাকায় প্রথমবার জিরা চাষ দেখলাম। গাছ ও ফলন উভয়ই ভালো হয়েছে। খরচ কম, উৎপাদন দ্রুত পাওয়া যাচ্ছে, তাই আমি নিজেও আগামীতে চাষ করব।
বিজ্ঞাপন
হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম জানান, উন্নতমানের বীজ এবং সঠিক পরিচর্যার কারণে এই ফলন সম্ভব হয়েছে। কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। এ ধরনের চাষ বাড়লে অঞ্চলে মসলা ফসলের নতুন সম্ভাবনা তৈরি হবে।
গণমাধ্যমকর্মী তাসির উদ্দিন বপ্পী বলেন, অনলাইনের মাধ্যমে নতুন ফসল চাষ শুরু করা প্রশংসনীয় উদ্যোগ। সফলতার কারণে অন্যান্য কৃষকরাও আগ্রহী হচ্ছেন।








