বাঘায় পুকুর থেকে চা বিক্রেতার রহস্যজনক লাশ উদ্ধার

রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এলাকার একটি পুকুর থেকে সানারুল ইসলাম (৪৫) নামে স্থানীয় চা ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) ভোর সাড়ে ৪টায় পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
নিহত সানারুল মনিগ্রাম ইউনিয়নের হাবাসপুর গ্রামের মৃত খলিল উদ্দিন মন্ডলের ছেলে। তিনি মনিগ্রাম বাজারে ছোট একটি চায়ের দোকান পরিচালনা করতেন। দুই বছর আগে তুলশিপুর গ্রামে জমি কিনে সেখানে টিনের ঘর নির্মাণ করে বসবাস শুরু করেছিলেন।
পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে হত্যার পর পুকুরে মরদেহ ফেলে দেওয়া হয়েছে। সানারুলের স্ত্রী বুলুয়ারা জানান, রাত ১১টা ৫৬ মিনিটে শেষবার ফোন করেছিলেন। পরে তাঁর মোবাইলের আলো দেখার পর হঠাৎ বন্ধ হয়ে যায়। পুকুর পাড়ে স্যান্ডেল ও বাজার ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়দের সহায়তায় পুকুরে জাল নামিয়ে মরদেহ উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
পরিবারের সূত্রে জানা যায়, বাড়িতে যাতায়াতের জমি নিয়ে স্থানীয় তিনজনের সাথে বিরোধ ছিল। সানারুলের দুই ছেলে—বড় ছেলে সেলিম কাঠ মিস্ত্রী ও ছোট ছেলে নয়ন ট্রাকের হেলপারের কাজ করেন।
পুলিশের প্রাথমিক তদন্তে লাশে কোনো বাহ্যিক আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান, মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।








