গোপালগঞ্জে পাম্পে তেল না পেয়ে মহাসড়ক অবরোধ

গোপালগঞ্জে একটি ফিলিং স্টেশনে তেল না পাওয়ার অভিযোগে ক্ষুব্ধ হয়ে মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহনের চালকরা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন। এতে গুরুত্বপূর্ণ এ সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়ে দুর্ভোগে পড়েন যাত্রীরা।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল পৌনে ৩টার দিকে সদর উপজেলার মান্দারতলা এলাকায় অবস্থিত নিগি ফিলিং স্টেশন-এর সামনে গাছের গুঁড়ি ফেলে অবরোধ শুরু করেন বিক্ষুব্ধরা। ফলে মহাসড়কের প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয় এবং বিশেষ করে দূরপাল্লার বাসযাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
আরও পড়ুন: সোনারগাঁয়ে জ্বালানি তেলের সুশৃঙ্খল বিতরণ
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকেই পাম্পটিতে পর্যাপ্ত জ্বালানি মজুত থাকলেও তা সরবরাহ করা হচ্ছিল না বলে অভিযোগ ওঠে। এতে তেল নিতে আসা চালকদের মধ্যে ক্ষোভ তৈরি হয় এবং একপর্যায়ে তারা সড়ক অবরোধে নামেন।
বিজ্ঞাপন
অবরোধে অংশ নেওয়া মহাসিন মোল্লা অভিযোগ করে বলেন, পাম্পে তেল থাকা সত্ত্বেও তা দেওয়া হচ্ছে না। পাম্প কর্তৃপক্ষ ও প্রশাসনের মধ্যে কোনো জটিলতার কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।
অন্যদিকে, পাম্পের মালিক মিজানুর রহমান ভিন্ন ব্যাখ্যা দেন। তার দাবি, জনবল সংকটের কারণে তেল সরবরাহ ব্যাহত হয়েছে। পাঁচজন কর্মীর স্থলে মাত্র দুজন কর্মী দিয়ে কাজ চালাতে হচ্ছিল। আগের দিন দীর্ঘ সময় কাজ করার পর অতিরিক্ত চাপের কারণে কর্মীরা পরদিন কাজে অনুপস্থিত থাকায় তেল বিতরণ বন্ধ হয়ে যায়।
বিজ্ঞাপন
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গাছের গুঁড়ি সরিয়ে দিয়ে অবরোধ তুলে দিলে প্রায় এক ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানা পুলিশের উপপরিদর্শক রেজা জানান, দ্রুত ব্যবস্থা নিয়ে সড়ক থেকে অবরোধ সরানো হয়েছে এবং বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। পাশাপাশি পাম্প কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমস্যার সমাধানের চেষ্টা চলছে বলেও তিনি উল্লেখ করেন।








