Logo

ভোট বর্জন নয়, ফলাফল নিয়েই ঘরে ফিরবো: জামায়াত প্রার্থী

profile picture
জেলা প্রতিনিধি
বগুড়া
৯ এপ্রিল, ২০২৬, ১৮:৪০
ভোট বর্জন নয়, ফলাফল নিয়েই ঘরে ফিরবো: জামায়াত প্রার্থী
ছবি: সংগৃহীত

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে কোনো অবস্থাতেই ভোট বর্জন করবেন না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল। তিনি বলেছেন, নানা অনিয়ম ও বাধা সত্ত্বেও গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি সম্মান রেখে শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকবো এবং ভোটের ফলাফল নিয়েই ঘরে ফিরবো।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে শহরে জামায়াতে ইসলামীর স্থানীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে সোহেল অভিযোগ করেন, ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকেই নির্বাচনি দায়িত্বে থাকা কর্মকর্তাদের আচরণ নিরপেক্ষ ছিল না। তার দাবি, রিটার্নিং কর্মকর্তা, প্রিসাইডিং কর্মকর্তা এবং পোলিং কর্মকর্তাদের একটি অংশ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে অবস্থান নিয়েছেন এবং সে অনুযায়ী কাজ করছেন।

বিজ্ঞাপন

তিনি অভিযোগ করে বলেন, মালতীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শেষ হওয়ার আগেই ফলাফলের শিটে স্বাক্ষর নেওয়া হয়েছে। এছাড়া নামুজা এলাকায় তার এক কর্মীকে মারধর করা হয়েছে। পাঁচবাড়িয়া এলাকায় জামায়াতের নির্বাচনি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি।

সোহেলের ভাষ্য অনুযায়ী, বিভিন্ন ভোটকেন্দ্র থেকে তার সমর্থক ও এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। এতে ভোটের পরিবেশ ব্যাহত হয়েছে এবং তার কর্মী-সমর্থকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

তিনি আরও জানান, নূরানী মোড় এলাকায় তার এক কর্মীকে ছুরিকাঘাত করা হয়েছে। আহত ওই কর্মীকে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানে তার চিকিৎসা চলছে।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন জামায়াত প্রার্থী। তিনি বলেন, নির্বাচনে অনিয়মের অভিযোগ জানিয়ে এ পর্যন্ত ২০টির বেশি লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে। কিন্তু রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

তার অভিযোগ, দায়িত্বশীল এই কর্মকর্তা নিরপেক্ষ ভূমিকা পালন না করে প্রতিপক্ষের সুবিধা নিশ্চিত করতেই বেশি সক্রিয় রয়েছেন।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর স্থানীয় পর্যায়ের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD