Logo

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোটগ্রহণ সম্পন্ন, চলছে গণনা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ এপ্রিল, ২০২৬, ১৮:১০
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোটগ্রহণ সম্পন্ন, চলছে গণনা
ফাইল ছবি।

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট চলে। বর্তমানে দুই আসনেই ভোট গণনা চলছে।

বিজ্ঞাপন

বগুড়া-৬ আসনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা, জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী আল আমিন তালুকদার প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট চলাকালে জামায়াতের প্রার্থী আবিদুর রহমান সোহেল বিভিন্ন অনিয়মের অভিযোগ তোলেন। তবে শেষ পর্যন্ত তিনি ভোট বর্জন না করে ফলাফলের জন্য অপেক্ষা করার ঘোষণা দিয়েছেন।

বগুড়া জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ আসনে মোট ৪ লাখ ৫০ হাজার ৩০৭ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৯ হাজার ৯২৩ জন, নারী ২ লাখ ৩০ হাজার ৩৭৪ জন এবং হিজড়া ভোটার ১০ জন। ১৫০টি কেন্দ্রে ৮৩৫টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। দায়িত্ব পালন করেন দুইজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া ২ হাজার ৬৫৫ জন কর্মকর্তা-কর্মচারী ভোটগ্রহণে নিয়োজিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, আনসার, বিজিবি, র‍্যাব, সেনাবাহিনী ও ডগ স্কোয়াড মোতায়েন ছিল।

বগুড়ার রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম জানান, শান্তিপূর্ণ পরিবেশে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

অন্যদিকে, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনেও ভোটগ্রহণ শেষে চলছে গণনা। এ আসনে বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল, জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদুর রহমান এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) প্রার্থী মিজানুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিজ্ঞাপন

ভোট চলাকালে বিকেল ৩টার দিকে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে জামায়াতের প্রার্থী মাসুদুর রহমান ভোট বর্জনের ঘোষণা দেন। তবে এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছে নির্বাচন কর্তৃপক্ষ।

এদিকে নির্বাচন চলাকালে শ্রীবরদী সরকারি কলেজ মাঠ এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে গিয়ে ইটপাটকেলের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

শেরপুর-৩ আসনে মোট ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটার রয়েছেন। ১২৮টি কেন্দ্রে ৭৫১টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, সুষ্ঠু ও স্বাভাবিকভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কিছু জায়গায় জাল ভোটের ঘটনা ঘটেছে, জড়িতদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন এ আসনে স্থগিত করা হয়েছিল। তারপরই এ উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD