সোনারগাঁয়ে জ্বালানি তেলের সুশৃঙ্খল বিতরণ

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় জ্বালানি তেলের সংকট মোকাবিলা এবং শৃঙ্খলা বজায় রাখতে সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসিফ আল জিনাত এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন।
বিজ্ঞাপন
তার সরাসরি তত্ত্বাবধানে প্রায় ১ হাজার মোটরসাইকেল আরোহীর মাঝে তেল বিতরণ করা হয়েছে, যেখানে কোনো প্রকার বিশৃঙ্খলা দেখা যায়নি।
সোমবার সন্ধ্যায় পিরোজপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থিত আগমন ফিলিং স্টেশনে মোটরসাইকেল আরোহীদের দীর্ঘ লাইন ও বিশৃঙ্খলার খবর মিডিয়ার মাধ্যমে ইউএনওর নজরে আসে। ইউএনও তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুরো প্রক্রিয়াটি মনিটরিং করেন।
বিজ্ঞাপন
তেল বিতরণকে সুশৃঙ্খল করতে ইউএনওর সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, স্থানীয় মেম্বার রফিকুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল হাসান এবং সোনারগাঁ থানা পুলিশ।
ইউএনও আসার আগে পাম্পে হুড়োহুড়ি ও অরাজক পরিস্থিতি দেখা গেলেও তার উপস্থিতিতে সব আরোহী সারিবদ্ধভাবে লাইন করে তেল সংগ্রহ করতে পেরেছেন।
স্থানীয় মোটরসাইকেল চালকরা জানান, প্রশাসনের সরাসরি নজরদারির কারণে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়নি এবং কেউ কেউ সিরিয়াল ভাঙার সুযোগ পেলেও সমানভাবে তেল পেয়েছেন।
বিজ্ঞাপন
ইউএনও আসিফ আল জিনাত বলেন, “সোনারগাঁ এলাকার সাধারণ মানুষ ও চালকরা যাতে ভোগান্তি ছাড়াই জ্বালানি সংগ্রহ করতে পারেন, সেটি নিশ্চিত করাই ছিল আমাদের মূল লক্ষ্য। প্রায় ১ হাজার মোটরসাইকেল দ্রুত এবং সুশৃঙ্খলভাবে তেল পেয়েছে। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, এই উদ্যোগে স্থানীয় প্রশাসন ও পুলিশের সমন্বিত সহযোগিতা তেলের সুষ্ঠু বিতরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।








