দুর্নীতির অভিযোগে বিআরটিসি ম্যানেজারের অপসারণ দাবি

নেত্রকোণা-ময়মনসিংহ সড়কে চলাচলকারী বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) বাসে যাত্রী হয়রানি, শিক্ষার্থীদের স্টুডেন্ট পাস বন্ধ এবং অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে মানববন্ধন করেছেন সাধারণ যাত্রী ও শিক্ষার্থীরা।
বিজ্ঞাপন
এ সময় ময়মনসিংহ বিআরটিসি ডিপোর ম্যানেজার এনামুল হকের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় নেত্রকোণা পৌর শহরের বিআরটিসি বাসস্ট্যান্ডের সামনে ‘সচেতন নাগরিক ও ছাত্র সমাজ’-এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, ভুক্তভোগী যাত্রী এবং বাসের সাবেক কর্মীরা অংশ নেন।
বিজ্ঞাপন
বক্তারা অভিযোগ করেন, ডিপো ম্যানেজার এনামুল হকের নির্দেশে শিক্ষার্থীদের স্টুডেন্ট পাস বন্ধ করে পূর্ণ ভাড়া আদায় করা হচ্ছে। আগে যেখানে ৪০ টাকা বা অর্ধেক ভাড়ায় যাতায়াত করা যেত, এখন সেখানে ৬০ টাকা নেওয়া হচ্ছে। পাশাপাশি বাস স্টাফদের দুর্ব্যবহারের অভিযোগও তুলে ধরেন তারা।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, বাসগুলোর অবস্থা অত্যন্ত নাজুক। চলন্ত অবস্থায় চাকা ফেটে যাওয়া, ভাঙা সিট, অচল ফ্যান এবং জানালার কাঁচ না থাকায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ছেন।
এছাড়া সাবেক সুপারভাইজারসহ কয়েকজন অভিযোগ করেন, বাসের যন্ত্রাংশে অনিয়ম, ভুয়া বিলের মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং চাঁদাবাজির মতো কর্মকাণ্ডের সঙ্গে ডিপো কর্তৃপক্ষ জড়িত। অনিয়মের প্রতিবাদ করায় অনেককে চাকরি হারাতেও হয়েছে বলে দাবি করেন তারা।
বিজ্ঞাপন
বক্তারা আরও বলেন, এনামুল হক এর আগে টুঙ্গিপাড়া ডিপোতে দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল, যা গণমাধ্যমেও প্রকাশিত হয়। তবে তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ।
এ বিষয়ে বক্তব্য নিতে ডিপো ম্যানেজারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
মানববন্ধন থেকে দ্রুত তদন্তের মাধ্যমে অভিযুক্ত ম্যানেজারের অপসারণ, বাসের সেবার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট পাস ও অর্ধেক ভাড়া পুনর্বহালের দাবি জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন অংশগ্রহণকারীরা।








