Logo

বিএসএফের হাত থেকে দুই শিক্ষার্থীকে ফিরিয়ে আনল বিজিবি

profile picture
জেলা প্রতিনিধি
পঞ্চগড়
২২ এপ্রিল, ২০২৬, ২০:৫৫
বিএসএফের হাত থেকে দুই শিক্ষার্থীকে ফিরিয়ে আনল বিজিবি
ছবি: সংগৃহীত

পঞ্চগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হওয়া দুই বাংলাদেশি শিক্ষার্থীকে দ্রুত তৎপরতার মাধ্যমে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ঘটনার মাত্র আট ঘণ্টার মাথায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়, যা সীমান্ত এলাকায় স্বস্তি ফিরিয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২২ এপ্রিল) সকালে পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের মিস্ত্রিপাড়া পাটশিরি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি সূত্র জানায়, ওইদিন সকাল ১০টার দিকে বিএসএফের ১৩২ ব্যাটালিয়নের মরিচা ক্যাম্পের সদস্যরা দুই শিক্ষার্থীকে আটক করে নিয়ে যায়।

পরে বিজিবির পক্ষ থেকে দ্রুত যোগাযোগ ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হলে উভয় পক্ষের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের মাধ্যমেই বিকেলের দিকে শিক্ষার্থীদের বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব হয়।

বিজ্ঞাপন

ফিরে আসা শিক্ষার্থীরা হলো পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বাসিন্দা ইন্দ্র (১৪) ও উদয় (১৪)। তারা স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ ও নবম শ্রেণিতে অধ্যয়নরত।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তারা আগের দিন আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে সকালে সীমান্ত এলাকায় ঘুরতে যায়। এ সময় তারা সীমান্তের মূল পিলারের কাছাকাছি ছবি তুলতে গিয়ে অসাবধানতাবশত ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে। তখনই বিএসএফ সদস্যরা তাদের আটক করে নিয়ে যায়।

একজন প্রত্যক্ষদর্শী জানান, আটক করার সময় তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস জানান, দ্রুত পদক্ষেপ গ্রহণের ফলে স্বল্প সময়ের মধ্যেই শিক্ষার্থীদের ফেরত আনা সম্ভব হয়েছে।

এদিকে গড়িনাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন দিপু বলেন, বিজিবির দ্রুত যোগাযোগ ও সক্রিয় ভূমিকায় বড় ধরনের জটিলতা ছাড়াই দুই শিক্ষার্থীকে ফিরিয়ে আনা গেছে।

বিজ্ঞাপন

সীমান্ত এলাকায় এমন ঘটনা নতুন নয় বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে দ্রুত পদক্ষেপের কারণে এবারের ঘটনায় দীর্ঘসূত্রতা তৈরি হয়নি, যা সংশ্লিষ্টদের জন্য স্বস্তির বিষয় হয়ে উঠেছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD