Logo

কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার ওপর ব্রাশফায়ার, মামলায় যুবদল নেতা আসামি

profile picture
জেলা প্রতিনিধি
কুষ্টিয়া
২৫ এপ্রিল, ২০২৬, ১২:৩১
কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার ওপর ব্রাশফায়ার, মামলায় যুবদল নেতা আসামি
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় স্বেচ্ছাসেবক দলের এক নেতার ওপর সশস্ত্র হামলা ও ব্রাশফায়ারের ঘটনায় যুবদলের এক নেতাকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ফের উত্তেজনা বিরাজ করছে, যদিও পুলিশ পরিস্থিতি স্বাভাবিক বলে দাবি করেছে।

বিজ্ঞাপন

গত ২০ এপ্রিল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের মাজদিয়ার গ্রামে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রবিউল ইসলামের ওপর দুর্বৃত্তরা ব্রাশফায়ার ও শর্টগান দিয়ে গুলিবর্ষণ করে। এতে রবিউল ইসলামসহ নারী-পুরুষ মিলিয়ে অন্তত ১১ জন গুলিবিদ্ধ হন। গুরুতর আহতদের শরীরের বিভিন্ন স্থানে গুলি লেগে তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

গুলিবিদ্ধদের মধ্যে রয়েছেন রবিউল ইসলাম (৩৬), তার পিতা হাফেজ প্রামানিক (৭০), সোহেল রানা (৪৫) ও তার স্ত্রী তমা খাতুন (২৬), কামরুল ইসলাম (৩৭), মুন্নি (২৪), রুনা খাতুন (২৭), মিতা খাতুন (৩০), তৌহিদুল ইসলাম (৩০) ও তার স্ত্রী মেরিনা (২৫), এবং মেহেদী হাসান (৬৫)।

বিজ্ঞাপন

ঘটনার পরদিন ২১ এপ্রিল রবিউল ইসলামের ভাই রুহুল আমিন বাদী হয়ে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় মরিচা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হেলাল হোসেনকে প্রধান আসামি করে রাকিবুল (৩২), স্বপন (৩৮)সহ অজ্ঞাতনামা আরও ১০–১২ জনকে আসামি করা হয়েছে। তবে এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, বালু উত্তোলনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, ওই বিরোধের জেরে এর আগে প্রতিপক্ষের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে।

এদিকে, মামলাকে ‘মিথ্যা’ দাবি করে তা প্রত্যাহারের দাবিতে শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে মাজদিয়ার গ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন স্থানীয় বাসিন্দা ও অভিযুক্তদের সমর্থকেরা। তারা অভিযোগ করেন, প্রকৃত অপরাধীদের আড়াল করে নিরপরাধ ব্যক্তিদের মামলায় জড়ানো হয়েছে।

বিজ্ঞাপন

অভিযুক্ত যুবদল নেতা হেলাল হোসেন দাবি করেন, ঘটনার সময় তিনি এলাকায় একটি চায়ের দোকানে ছিলেন এবং গুলির শব্দ শুনলেও ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় জড়ানো হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, “গুলিবর্ষণের ঘটনায় মামলা দায়ের হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও জানান, বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD