বাথরুমে রাখা বালতিভর্তি পানিতে ডুবে মুজিবনগরে দুই বছরের শিশুর মৃত্যু

মেহেরপুরের মুজিবনগরে বাথরুমে রাখা পানিভর্তি বালতিতে ডুবে ইব্রাহিম ইবনে আরিয়ান (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দারিয়াপুর খান কালিতলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আরিয়ান ওই এলাকার শরিয়ত হোসেন দুদুর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশুটি বাড়ির ভেতরে খেলছিল। এক পর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে সে বাথরুমে ঢুকে পড়ে। সেখানে রাখা পানিভর্তি বালতির মধ্যে পড়ে গিয়ে উপুড় হয়ে যায় এবং আর উঠতে পারেনি।
বিজ্ঞাপন
কিছুক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে শিশুটির মা বাথরুমে গিয়ে দেখতে পান, বালতির পানিতে শিশুটি ডুবে আছে। দ্রুত উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ছোট্ট আরিয়ানকে হারিয়ে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এলাকায়ও এ ঘটনায় শোকের আবহ বিরাজ করছে।








