Logo

অসুস্থ পিতার জমি লিখে নিলেন ভাই! হকের দাবিতে তিন বোনের সংবাদ সম্মেলন

profile picture
জেলা প্রতিনিধি
যশোর
২৫ এপ্রিল, ২০২৬, ২১:১৬
অসুস্থ পিতার জমি লিখে নিলেন ভাই! হকের দাবিতে তিন বোনের সংবাদ সম্মেলন
ছবি: সংগৃহীত

যশোরের অভয়নগর উপজেলায় অসুস্থ পিতার পৈতৃক সম্পত্তি জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করার অভিযোগ তুলে আপন ভাই মো. ইব্রাহিম হোসেন রনির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন তার তিন বোন।

বিজ্ঞাপন

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী বোনেরা এই অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছোট বোন ম্যানসি আক্তার জলি জানান, তাদের পিতা মো. মকিম উদ্দীন মোল্লা দীর্ঘদিন ধরে অসুস্থ এবং বর্তমানে তিনি স্মৃতিশক্তি হারিয়ে কথা বলা ও চলাফেরায় অক্ষম। পিতার নামে অভয়নগর উপজেলার ধোপাদী ও বুইকারা মৌজায় মোট ২৩১ শতক জমি রয়েছে। অভিযোগ করা হয়, এই অসুস্থতার সুযোগ নিয়ে ভাই ইব্রাহিম হোসেন রনি ২০২৫ সালের ৭ মে একটি ভুয়া ‘হেবা দলিল’ তৈরি করেন। জালিয়াতির মাধ্যমে পিতা ও এক বোনের স্বাক্ষর জাল করে ১৪৪ শতক জমি তিনি নিজের নামে লিখে নিয়েছেন বলে দাবি করেন তারা।

বিজ্ঞাপন

বোনরা আরও জানান, সম্পত্তি বণ্টনের কথা বলতে গেলে ভাই তাদের পরিষ্কার জানিয়ে দেন যে তারা কোনো অংশ পাবেন না। এই জালিয়াতির বিরুদ্ধে তারা যশোরের যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে মামলা (দেওয়ানি ১৬৬/২৫) দায়ের করেছেন, যা বর্তমানে বিচারাধীন।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, মামলা চলমান থাকা সত্ত্বেও নওয়াপাড়া এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তিকে সাথে নিয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালাচ্ছেন ইব্রাহিম হোসেন রনি। আদালতের নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করে ক্ষমতার দাপট দেখানো হচ্ছে বলে ভুক্তভোগী বোনেরা জানান। বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং পৈতৃক হক ফিরে পেতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী অপর দুই বোন পাপিয়া খাতুন পপি ও সোনিয়া আক্তার পলি উপস্থিত ছিলেন।

জেবি/এসআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD