ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগ করলেন ছাত্রশিবির নেতা

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পটুয়াখালীর মহিপুর থানা শাখার এক নেতা সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে সংগঠনের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি সংগঠনের সব ধরনের কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহারের কথা জানিয়েছেন।
বিজ্ঞাপন
পদত্যাগের ঘোষণা দেওয়া ওই নেতার নাম মো. ইব্রাহিম। তিনি মহিপুর থানা শাখার প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। শনিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ সিদ্ধান্তের কথা প্রকাশ করেন।
ফেসবুক পোস্টে ইব্রাহিম উল্লেখ করেন, ব্যক্তিগত বিবেচনা ও সাম্প্রতিক বাস্তবতা থেকে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তার মতে, সমাজ ও দেশের কল্যাণে কাজ করতে হলে কোনো নির্দিষ্ট রাজনৈতিক বা সাংগঠনিক পরিচয়ের প্রয়োজন নেই; একজন সচেতন নাগরিক হিসেবেও ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, আপাতত ভবিষ্যতে কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার পরিকল্পনা নেই। বরং এখন নিজের পেশাগত দায়িত্ব, পারিবারিক জীবন এবং ব্যক্তিগত বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিতে চান।
বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে ইব্রাহিম বলেন, দেশের বর্তমান পরিস্থিতি এবং নিজের ব্যক্তিগত অবস্থান বিবেচনায় এনে সংগঠনের দায়িত্বশীলদের সঙ্গে আলোচনা করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এটি সম্পূর্ণ তার নিজস্ব সিদ্ধান্ত বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
এ বিষয়ে মহিপুর থানা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল্লাহ আল জোবায়ের জানান, সংগঠনের কার্যক্রমে সক্রিয় থাকতে হলে পর্যাপ্ত সময় ও মনোযোগ দেওয়া জরুরি। পারিবারিক ব্যস্ততার কারণে ইব্রাহিম নিয়মিত সময় দিতে পারছিলেন না। আলোচনার ভিত্তিতেই তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানান তিনি।
অন্যদিকে পটুয়াখালী জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি কে এম তামিম হোসাইন বলেন, ইব্রাহিম দীর্ঘদিন সংগঠনের সঙ্গে যুক্ত থেকে কাজ করেছেন। তার ব্যক্তিগত সিদ্ধান্তকে সংগঠন সম্মান করছে এবং তার আগামী দিনের সফলতা কামনা করছে।








