Logo

জাটকা ধরা থেকে বিরত সাড়ে ৮ হাজার জেলের জন্য বিশেষ খাদ্য সহায়তা

profile picture
জেলা প্রতিনিধি
চাঁদপুর
২৫ এপ্রিল, ২০২৬, ১৭:০৭
জাটকা ধরা থেকে বিরত সাড়ে ৮ হাজার জেলের জন্য বিশেষ খাদ্য সহায়তা
ছবি: সংগৃহীত

ইলিশের পোনা জাটকা সংরক্ষণে মার্চ-এপ্রিল দুই মাসের নিষেধাজ্ঞাকালে জাটকা ধরা থেকে বিরত থাকা জেলেদের জন্য বিশেষ খাদ্য সহায়তা দিচ্ছে সরকার। চলতি বছর চালের পাশাপাশি অতিরিক্ত খাদ্যসামগ্রী পাচ্ছেন চাঁদপুরের জাটকা প্রবণ এলাকার সাড়ে ৮ হাজার জেলে।

বিজ্ঞাপন

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক।

তিনি জানান, জেলার প্রায় ৭০ কিলোমিটার অভয়াশ্রম এলাকায় অর্ধলক্ষাধিক নিবন্ধিত জেলে রয়েছে। এর মধ্যে জাটকা সংরক্ষণ কর্মসূচির আওতায় ৩৯ হাজার ৪০০ জেলেকে ৪ মাসে ৪০ কেজি করে মোট ১৬০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রথম দুই মাসের চাল বিতরণ সম্পন্ন হয়েছে এবং দ্বিতীয় কিস্তি বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, পদ্মা-মেঘনা নদী তীরবর্তী জাটকা প্রবণ এলাকার জেলেদের জন্য এবার বিশেষ খাদ্য সহায়তা বরাদ্দ দেওয়া হয়েছে। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সাড়ে ৮ হাজার জেলেকে চালের পাশাপাশি অন্যান্য খাদ্যসামগ্রী প্রদান করা হবে, যা এপ্রিল মাসের মধ্যেই বিতরণ সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

বিশেষ খাদ্য সহায়তার তালিকায় রয়েছে—১০ লিটার সয়াবিন তেল, ১২ কেজি আটা, ১৬ কেজি আলু, ৪ কেজি চিনি, ৪ কেজি লবণ এবং ৮ কেজি মসুর ডাল।

বিজ্ঞাপন

মেঘনা উপকূলীয় এলাকার জেলেরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলেন, মাসে ৪০ কেজি চাল দিয়ে সংসার চালানো কঠিন। তাদের সেই দাবির পরিপ্রেক্ষিতেই সরকার অতিরিক্ত খাদ্য সহায়তার উদ্যোগ নিয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জেলেদের দাবি, এ ধরনের সহায়তা অব্যাহত থাকলে তারা নিষেধাজ্ঞা মেনে চলতে আরও উৎসাহী হবেন, যা ইলিশ সম্পদ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD