Logo

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৯ বছরের শিশু, চিকিৎসায় প্রয়োজন ১০-১২ লাখ টাকা

profile picture
উপজেলা প্রতিনিধি
বাগাতিপাড়া, নাটোর
২৬ এপ্রিল, ২০২৬, ১৪:৪৮
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৯ বছরের শিশু, চিকিৎসায় প্রয়োজন ১০-১২ লাখ টাকা
ছবি: প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়ায় জন্মের পর থেকেই একের পর এক জটিল রোগে ভুগছে ৯ বছর বয়সী শিশু রুকাইয়া সুলতানা রুহি। হৃদয়ে একাধিক ছিদ্র ও মস্তিষ্কে টিউমার নিয়ে বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে সে। প্রয়োজনীয় চিকিৎসার অভাবে দিন দিন তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে।

বিজ্ঞাপন

উপজেলার জাগুয়াড়দিয়াড় ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামের মো. রমজান আলী ও জান্নাতুল ফেরদৌস দম্পতির বড় মেয়ে রুহি বর্তমানে সান্যালপাড়া গ্রামে তার নানা-নানীর বাড়িতে বসবাস করছে। পারিবারিক অশান্তির জেরে চলতি বছরের শুরুতে মা তাকে নিয়ে বাবার বাড়ি ছেড়ে চলে আসেন এবং পরে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর থেকে বাবার পক্ষ থেকে কোনো সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ পরিবারের।

পরিবার সূত্রে জানা যায়, জন্মের পর থেকেই রুহির হার্টবিট অস্বাভাবিক ছিল। মাত্র তিন মাস বয়সে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে হৃদয়ে একটি ছিদ্র ধরা পড়ে। দীর্ঘ চার বছর চিকিৎসা চললেও আর্থিক সংকটের কারণে তা বন্ধ হয়ে যায়। প্রায় পাঁচ বছর চিকিৎসাবিহীন থাকার পর গত বছরের নভেম্বরে তার অবস্থার অবনতি হলে পুনরায় হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষায় তার মস্তিষ্কে টিউমার ও হৃদয়ে আরও তিনটি ছিদ্র ধরা পড়ে। একই সঙ্গে শরীরের বাম পাশ অবশ হয়ে যায়।

বিজ্ঞাপন

বর্তমানে রুহি প্রায়ই অস্বাভাবিক আচরণ করে, চিৎকার করে কাঁদে এবং দৈনন্দিন কাজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। চিকিৎসকদের মতে, দ্রুত উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া জরুরি, প্রয়োজনে দেশের বাইরেও চিকিৎসার প্রয়োজন হতে পারে। এজন্য প্রায় ১০ থেকে ১২ লাখ টাকা ব্যয় হবে।

রুহির নানা আব্দুল মান্নান বলেন, আমরা নিজেরাই অসুস্থ। আমার কিডনি সমস্যা আর ওর নানী ক্যানসারে ভুগছে। রুহির চিকিৎসা করানো আমাদের পক্ষে অসম্ভব। সবাই যদি একটু সাহায্য করেন, হয়তো মেয়েটা বাঁচতে পারে।

স্থানীয় বাসিন্দা রুবেল আলী বলেন, রুহির অবস্থা খুবই করুণ। তার চিকিৎসার জন্য সমাজের সবাইকে এগিয়ে আসা উচিত।

বিজ্ঞাপন

সান্যালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আশরাফুল ইসলাম জানান, রুহি আমাদের স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। সে খুব মেধাবী। আমরা চাই সে সুস্থ হয়ে আবার স্কুলে ফিরুক।

স্থানীয় জনপ্রতিনিধিরাও রুহির চিকিৎসায় সহায়তার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন

ছোট্ট রুহির একটাই আকুতি—সে বাঁচতে চায়, আবার বই-খাতা নিয়ে স্কুলে ফিরতে চায়, সবার মতো স্বাভাবিক জীবন যাপন করতে চায়।

রুহির চিকিৎসার জন্য সহায়তা পাঠানোর ঠিকানা: বিকাশ: ০১৩১০-৩২২৮৮৮ (আমিরন বেগম)

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD