Logo

এনআইসিইউহীন গাজীপুরে হামের হামের চাপ, বাড়ছে চিকিৎসা সংকট

profile picture
জেলা প্রতিনিধি
২৬ এপ্রিল, ২০২৬, ২১:৪৫
এনআইসিইউহীন গাজীপুরে হামের হামের চাপ, বাড়ছে চিকিৎসা সংকট
ছবি প্রতিনিধি।

গাজীপুরে হামের প্রকোপ ক্রমেই বাড়ছে, আর সেই সঙ্গে বাড়ছে হাসপাতালের ওপর চাপ। এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও আক্রান্ত শিশুদের সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগে দিন কাটাচ্ছেন স্বজনরা। বিশেষ করে হাসপাতালে এনআইসিইউ (নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র) না থাকায় জরুরি চিকিৎসা নিয়ে শঙ্কা আরও তীব্র হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (২৬ এপ্রিল) শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১৯ জন ভর্তি হয়েছেন, আর সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২০ জন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত হামে কোনো শিশুর মৃত্যু হয়নি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ৫০০ শয্যার এ হাসপাতালে হামের রোগীদের জন্য নির্ধারিত ১০ তলার চারটি কক্ষ ইতোমধ্যেই রোগীতে উপচে পড়ছে। ধারণক্ষমতার তুলনায় কয়েকগুণ বেশি রোগী হওয়ায় বেড সংকট চরমে পৌঁছেছে। ফলে অনেক পরিবার বাধ্য হয়ে মেঝেতে বিছানা পেতে শিশুদের চিকিৎসা করাচ্ছেন। পুরো ওয়ার্ডজুড়ে গাদাগাদি অবস্থা, বাড়ছে ভোগান্তি।

বিজ্ঞাপন

রোগীর স্বজনদের অভিযোগ, এনআইসিইউ না থাকায় জটিল পরিস্থিতিতে শিশুদের চিকিৎসা নিয়ে তারা আতঙ্কে রয়েছেন।

হাসপাতালের পরিচালক ডা. আমিনুল ইসলাম বলেন, হামে আক্রান্ত শিশুদের জন্য আলাদা আইসোলেশন ওয়ার্ড চালু রয়েছে। তবে রোগীর চাপ ধারণক্ষমতার প্রায় তিনগুণ হওয়ায় বারান্দাসহ বিভিন্ন জায়গায় চিকিৎসা দিতে হচ্ছে। তিনি আরও জানান, এনআইসিইউ না থাকলেও আইসিডিডিআরবি উদ্ভাবিত একটি বিশেষ ডিভাইসের মাধ্যমে নিউমোনিয়ায় আক্রান্ত রোগীদের অক্সিজেন সহায়তা দেওয়া সম্ভব।

বিজ্ঞাপন

তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, আতঙ্কিত না হয়ে শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করতে হবে, পাশাপাশি মায়ের দুধ ও পুষ্টিকর খাবার দিতে হবে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৪০৯ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ৩৫৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৫৩ জন।

এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, ২০ এপ্রিল থেকে জেলায় শুরু হয়েছে ব্যাপক টিকাদান কর্মসূচি। জেলার ৯৩৬টি কমিউনিটি ক্লিনিক ও ২৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ৮১ হাজার ৭৬৮ জন শিশুকে হামের টিকার আওতায় আনা হবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD