Logo

বজ্রপাতে সারাদেশে ১৪ জনের মৃত্যু

profile picture
জেলা প্রতিনিধি
২৬ এপ্রিল, ২০২৬, ১৯:০৫
বজ্রপাতে সারাদেশে ১৪ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

দেশের সাত জেলায় বজ্রপাতে একদিনে ১৪ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে গাইবান্ধায় ৫ জন, সিরাজগঞ্জে ২ জন, জামালপুরে ২ জন, ঠাকুরগাঁওয়ে ২ জন, বগুড়ায় ১ জন, নাটোরে ১ জন এবং পঞ্চগড়ে ১ জন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ, সাঘাটা ও ফুলছড়ি উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় এক শিক্ষার্থীসহ ৫ জনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন এবং একটি গরু ও একটি ঘোড়ার মৃত্যুর খবর পাওয়া গেছে।

সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে একসঙ্গে তিনজনের মৃত্যু হয়। নিহতরা হলো—ফুয়াদ (১৪), রাফি (১২) ও মিজানুর (২০)। রাফি স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। এ ঘটনায় শামীম (১৮) নামে একজন আহত হন এবং একটি গরুও মারা যায়।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, বিকেলে হঠাৎ আকাশ কালো হয়ে গেলে তারা বাড়ির পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনজন মারা যান।

সুন্দরগঞ্জ থানার ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহ জানান, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ফুলছড়ি উপজেলায় ঘোড়ার গাড়ি চালানোর সময় বজ্রপাতে মানিক হোসেন (২২) ও তার ঘোড়ার মৃত্যু হয়। একই উপজেলার বুলবুলির চরে আলী আকবর নামে এক কৃষক বজ্রপাতে আহত হয়েছেন।

বিজ্ঞাপন

সাঘাটা উপজেলায় বৃষ্টির সময় ছাগল দেখতে গিয়ে নম্বার আলী (৬৫) নামে এক বৃদ্ধ বজ্রপাতে মারা যান।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশ ও রায়গঞ্জ উপজেলায় বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

তাড়াশে মাঠে কাজ করার সময় কৃষক আব্দুল হামিদ (৫০) মারা যান। রায়গঞ্জে ধান কাটা শেষে কাজ করার সময় হাসান শেখ (২৫) বজ্রপাতে নিহত হন।

জামালপুর: জামালপুরের সদর ও মেলান্দহ উপজেলায় বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে।

সদরে গরু চরাতে গিয়ে হাসমত আলী হাসু (৫৫) মারা যান এবং তার একটি গরুও মারা যায়। মেলান্দহে রান্না করার সময় বজ্রপাতে আহত হয়ে মর্জিনা আক্তার (২২) মারা যান। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

বগুড়া : বগুড়ার গাবতলী উপজেলায় ছাগল আনতে গিয়ে বজ্রপাতে সুমন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন লাবণী আক্তার (৩৫) ও ইলিয়াস আলী (৩৭)।

বিজ্ঞাপন

নাটোর: নাটোরের সিংড়া উপজেলায় ধান কাটার সময় বজ্রপাতে শ্রমিক সম্রাট হোসেন (২৬) মারা যান।

পঞ্চগড়: পঞ্চগড়ের আটোয়ারীতে চা বাগানে পাতা তুলতে গিয়ে সারওয়ারদ্দী (২১) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন।

স্থানীয় প্রশাসন ও পুলিশ জানিয়েছে, হঠাৎ ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের কারণে এসব দুর্ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD