‘বিএনপি নেতার সঙ্গে মারামারি করা সেই নারী শিক্ষিকা নন’

রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি কলেজে সংঘর্ষের ঘটনায় আলোচিত আলেয়া খাতুন হীরা শিক্ষক নন বলে জানা গেছে। তিনি মূলত এমপিওভুক্ত ডেমোনেস্ট্রেটর বা ল্যাবরেটরি প্রদর্শক হিসেবে কর্মরত।
বিজ্ঞাপন
এর আগে স্থানীয় এক বিএনপি নেতার সঙ্গে তার হাতাহাতির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
রোববার দুপুরে কলেজ পরিদর্শন শেষে রাজশাহী আঞ্চলিক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক মোহা. আছাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
তিনি জানান, তদন্তের স্বার্থে আলেয়া খাতুন হীরাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে দুর্গাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে শিক্ষক প্রতিনিধি পরিষদের সদস্যরাও রয়েছেন, যারা পুরো ঘটনা তদন্ত করে প্রতিবেদন দেবেন।
তিনি আরও বলেন, কলেজের অধ্যক্ষ ও প্রদর্শক হীরার কাছে ঘটনার ব্যাখ্যা চাওয়া হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, আলেয়া খাতুন হীরা সরকারি শিক্ষক নন; তিনি ল্যাবরেটরি প্রদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন এবং তার শিক্ষক হিসেবে পরিচিতি সঠিক নয়।
বিজ্ঞাপন
ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) তদন্ত শুরু করে।








