Logo

নেছারাবাদে দুর্গাপূজার মণ্ডপে নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রতিমন্ত্রীর

profile picture
উপজেলা প্রতিনিধি
নেছারাবাদ, পিরোজপুর
১২ অক্টোবর, ২০২৬, ১৮:৫৮
নেছারাবাদে দুর্গাপূজার মণ্ডপে নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রতিমন্ত্রীর
ছবি: সংগৃহীত

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার পূজামণ্ডপ ও মন্দিরগুলোতে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি।

বিজ্ঞাপন

সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেছারাবাদ উপজেলার প্রশাসনিক কর্মকর্তা, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, দলীয় নেতাকর্মী এবং পূজামণ্ডপের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ নির্দেশনা দেন।

প্রতিমন্ত্রী দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদ্‌যাপন কমিটি ও স্থানীয় প্রতিনিধিদের সতর্ক এবং দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পূজা উপলক্ষে সরকারিভাবে বরাদ্দ করা অনুদান ও অন্যান্য সহায়তা স্বচ্ছতা, জবাবদিহিতা ও ন্যায্যতার ভিত্তিতে বণ্টনের নির্দেশনাও দেন প্রতিমন্ত্রী। সরকারি সহায়তা যেন প্রকৃত প্রাপকদের কাছে যথাযথভাবে পৌঁছায় এবং বরাদ্দের ক্ষেত্রে কোনো অনিয়ম বা বৈষম্য না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে বলেন তিনি।

বিজ্ঞাপন

আহম্মদ সোহেল মনজুর বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্গাপূজাকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য আগাম প্রস্তুতি গ্রহণ এবং সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে।

তিনি নেছারাবাদ উপজেলার সংশ্লিষ্ট সবাইকে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানান, যাতে সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে ধর্মীয় উৎসব উদ্‌যাপন করতে পারেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD