Logo

ঘুমন্ত ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা, সাবেক স্ত্রী ও শাশুড়ি আটক

profile picture
জেলা প্রতিনিধি
নোয়াখালী
১২ অক্টোবর, ২০২৬, ১৬:২৬
ঘুমন্ত ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা, সাবেক স্ত্রী ও শাশুড়ি আটক
ছবি: সংগৃহীত

নোয়াখালী সদর উপজেলায় মাদ্রাসার মাঠে ঘুমন্ত অবস্থায় কামাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তাঁর সাবেক স্ত্রী, শাশুড়ি ও শ্যালকের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের সাবেক স্ত্রী তানিয়া (৪০) ও শাশুড়ি করফুলের নেছাকে (৫৮) আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

সোমবার (১২ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ঘটনাস্থল পরিদর্শনকারী সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) তুষ্ট লাল। এর আগে রোববার (১১ অক্টোবর) রাত ১১টার দিকে সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব দুর্গানগর গ্রামের মোহাম্মদিয়া নূরানী মাদ্রাসার মাঠে এ ঘটনা ঘটে।

নিহত কামাল হোসেন সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের খলিলুর রহমানের ছেলে। তাঁর সাবেক স্ত্রী তানিয়া সদর উপজেলার পূর্ব দুর্গানগর গ্রামের আমজাদ হাজী মসজিদ বাড়ির আমির হোসেনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জুয়া খেলার আসক্তি নিয়ে কামাল ও তানিয়ার মধ্যে পারিবারিক কলহ চলছিল। এর জেরে প্রায় পাঁচ-ছয় বছর আগে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। তবে বিচ্ছেদের পরও কামাল তাঁর সাবেক স্ত্রীকে যাতায়াতের পথে বিভিন্নভাবে বিরক্ত করতেন বলে অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

কিছুদিন আগে কামাল সাবেক স্ত্রীর বাড়িতে গেলেও তাঁর শ্বশুরবাড়ির লোকজন তাঁকে সেখানে আশ্রয় দেননি। এরপর থেকে সন্তানকে দেখার জন্য তিনি শ্বশুরবাড়ির পাশের মোহাম্মদিয়া নূরানী মাদ্রাসার মাঠে ঘুমাতেন। এ সময় মাথার নিচে ইট ব্যবহার করতেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গত শনিবার ওই মাদ্রাসার মাঠে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কামাল ইট দিয়ে তাঁর সাবেক শ্বশুর আমির হোসেনকে মারধর করে আহত করেন। এ ঘটনার জেরে পরদিন রোববার ঢাকা থেকে কামালের শ্যালক আকাশ (২০) এলাকায় আসেন বলে জানা গেছে।

অভিযোগ অনুযায়ী, রোববার রাত ১১টার দিকে মাদ্রাসার মাঠে ঘুমন্ত কামালকে তাঁর সাবেক স্ত্রী তানিয়া, শাশুড়ি করফুলের নেছা ও শ্যালক আকাশ মিলে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। এতে তাঁর পেটের বাম পাশ, পিঠ, মাথা ও হাতে গুরুতর জখম হয়।

বিজ্ঞাপন

এ ঘটনায় তানিয়া ও করফুলের নেছাকে আটক করেছে পুলিশ। হত্যাকাণ্ডে আকাশের ভূমিকা এবং ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD