বাকেরগঞ্জে জিনের বাদশা পরিচয়ে প্রতারণা, পুলিশের হাতে গ্রেফতার ৩ জন

বরিশালের বাকেরগঞ্জে জিনের মাধ্যমে অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে দেওয়ার আশ্বাস দিয়ে বিকাশের মাধ্যমে ১ লাখ ৮৬ হাজার ৭২৪ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
সোমবার (১২ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে ভোলার বোরহানউদ্দিন থানা এলাকায় অভিযান চালিয়ে প্রথমে একজনকে গ্রেফতার করা হলে তার স্বীকারোক্তি অনুযায়ী পরবর্তীতে আরো দুজনকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে তাদেরকে বাকেরগঞ্জ থানায় বিকেল পাঁচটায় আনা হয়। বর্তমানে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের দালালপুর গ্রামের মো. জসিম উদ্দিন মৃধার ছেলে মো. বায়জিদ (২৫), পক্ষীয়া ইউনিয়নের পক্ষীয়া গ্রামের আ. রহমান হাওলাদারের ছেলে মো. রনি হাওলাদার (২৬) এবং টবগী ইউনিয়নের মুলাই পত্তন গ্রামের আ. আজিজ চৌকিদারের ছেলে মো. ফজলে রাব্বি (২৪)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বাকেরগঞ্জ উপজেলা রঙ্গশ্রী ইউনিয়নের দাওকাঠি গ্রামের মামুন খানের ছেলে ভুক্তভোগী সাব্বির হোসেন অসুস্থতার সুযোগ নিয়ে গত ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে তিনটি মোবাইল নম্বর ব্যবহার করে প্রতারকরা জিনের মাধ্যমে তাঁকে সুস্থ করে দেওয়ার নিশ্চয়তা দেয়। এ আশ্বাসে ভুক্তভোগীর কাছ থেকে বিকাশের মাধ্যমে বিভিন্ন দফায় মোট ১ লাখ ৮৬ হাজার ৭২৪ টাকা হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
বিজ্ঞাপন
এ ঘটনায় ভুক্তভোগীর সাব্বির আহমেদের অভিযোগের ভিত্তিতে গত ৪ অক্টোবর বাকেরগঞ্জ থানায় সাইবার সুরক্ষা আইনের ২১, ২২, ২৩, ২৭ ও ৩০ ধারায় মামলা করা হয়। মামলার তদন্তে সংশ্লিষ্ট মোবাইল নম্বরগুলোর নিবন্ধনসংক্রান্ত তথ্য এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করা হয়।
পরে অভিযান চালিয়ে বোরহানউদ্দিন থানার বোরহানগঞ্জ বাজার এলাকা থেকে বায়জিদকে এবং কাছিয়া এলাকা থেকে রনি হাওলাদার ও ফজলে রাব্বিকে গ্রেফতার করা হয়।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আদিল হোসেন জানান, এ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।








