Logo

তিন দিনের মাথায় ফের বিএনপি কর্মী খুন

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
২৭ এপ্রিল, ২০২৬, ১২:১২
তিন দিনের মাথায় ফের বিএনপি কর্মী খুন
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাউজান উপজেলায় আবারও রাজনৈতিক সহিংসতায় এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। তিন দিনের ব্যবধানে নাছির উদ্দীন (৫৫) নামে আরেকজনকে গুলি করে হত্যা করা হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে লেংগা বাইল্যার ঘাটা এলাকায় নিজ বাড়ির কাছেই হামলার শিকার হন তিনি।

বিজ্ঞাপন

নাছির উদ্দীন কদলপুর ইউনিয়নের দক্ষিণ শমসের পাড়ার বাসিন্দা। তিনি একসময় যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও পরে বিএনপিতে যোগ দেন এবং স্থানীয় সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নুরুল আলম আশেক জানান, রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার শরীরে একাধিক গুলির চিহ্ন পাওয়া গেছে। মরদেহ মর্গে রাখা হয়েছে।

স্থানীয়দের দাবি, এলাকায় মাটি ও পাহাড় কাটা, চাঁদাবাজি এবং আধিপত্য বিস্তার নিয়ে নাছির উদ্দীনের সঙ্গে জানে আলম ওরফে ডাকাত আলম নামের এক ব্যক্তির দীর্ঘদিনের বিরোধ ছিল। এ বিরোধ থেকেই হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, নাছির উদ্দীনের বিরুদ্ধেও বিভিন্ন অভিযোগে একাধিক মামলা ছিল। কয়েক মাস আগে তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছিল; দীর্ঘ চিকিৎসার পর তিনি সুস্থ হন।

বিজ্ঞাপন

এর আগে গত ২৪ এপ্রিল একই উপজেলায় কাউসার উর জামান বাবলু নামে আরেক বিএনপি কর্মী গুলিতে নিহত হন। ওই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে এলাকায় রাজনৈতিক আধিপত্য, চাঁদাবাজি ও দখলদারিত্বকে কেন্দ্র করে সহিংসতা বেড়েছে। গত কয়েক মাসে উপজেলায় একাধিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যার বেশিরভাগই এসব দ্বন্দ্বের সঙ্গে সংশ্লিষ্ট।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD