অল্প বৃষ্টিতেই চট্টগ্রামে জলাবদ্ধতা, নগরজীবনে চরম ভোগান্তি

চট্টগ্রাম মহানগরে সামান্য বৃষ্টিপাতেই আবারও প্রকট আকারে দেখা দিয়েছে জলাবদ্ধতার সমস্যা। রবিবার (২৬ এপ্রিল) রাতের বৃষ্টি এবং সোমবার (২৭ এপ্রিল) সকালে স্বল্প সময়ের বর্ষণে নগরীর বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি জমে যায়। বৃষ্টি বন্ধ হওয়ার কয়েক ঘণ্টা পরও পানি না নামায় সাধারণ মানুষের দুর্ভোগ বেড়ে যায় বহুগুণে।
বিজ্ঞাপন
সোমবার সকাল থেকেই নগরীর চকবাজার, প্রবর্তক মোড়, কাতালগঞ্জ, মুরাদপুর ও আগ্রাবাদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সড়কে পানি জমে থাকতে দেখা যায়। এতে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হয় এবং সৃষ্টি হয় দীর্ঘ যানজট। অফিসগামী মানুষ, যানবাহনের চালক ও পথচারীরা পড়েন চরম ভোগান্তিতে।
প্রবর্তক মোড় এলাকায় সরেজমিনে দেখা যায়, দুপুর ১২টা পার হলেও সড়কে জমে থাকা পানি নামেনি। ওই পানিতে আটকে পড়ে বেশ কয়েকটি যানবাহন। একটি সিএনজিচালিত অটোরিকশা পানিতে বিকল হয়ে গেলে স্থানীয়দের সহায়তায় সেটি সরিয়ে নেওয়া হয়। একইভাবে একটি ব্যক্তিগত গাড়িও পানিতে আটকে পড়ে, যার কারণে অন্য যানবাহনগুলোকে ধীরগতিতে চলাচল করতে দেখা যায়।
বিজ্ঞাপন
আটকে পড়া এক অটোরিকশাচালক মোরশেদ আলম জানান, পানিতে ইঞ্জিনে পানি ঢুকে যাওয়ায় তার গাড়ি বন্ধ হয়ে যায়। পাশাপাশি সড়কের একটি গর্তে পড়ে গাড়িটি কাত হয়ে পড়ে, পরে আশপাশের লোকজনের সহায়তায় সেটি উদ্ধার করা সম্ভব হয়।
পথচারীদের অভিযোগ, অল্প বৃষ্টিতেই নগরের প্রধান সড়কগুলোতে পানি জমে যাওয়া এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এতে প্রতিদিনের যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে। এছাড়া জলাবদ্ধতার সুযোগ নিয়ে কিছু রিকশাচালক অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলেও অভিযোগ করেছেন তারা।
বিজ্ঞাপন
চট্টগ্রাম আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৩টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৯ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা ইসমাইল ভূঁইয়া জানান, কালবৈশাখী ঝড়ের প্রভাবে এ বৃষ্টিপাত হচ্ছে এবং আগামী কয়েক দিন এ প্রবণতা অব্যাহত থাকতে পারে। এতে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে জলাবদ্ধতা নিরসনে খাল-নালা পরিষ্কার কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। গত ১৯ এপ্রিল জামাল খান লিচুবাগান এলাকা থেকে মেয়র ডা. শাহাদাত হোসেন এই কার্যক্রমের উদ্বোধন করেন। বর্তমানে নগরীর বিভিন্ন ওয়ার্ডে প্রতিদিন এ কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে।








