রাজাপুরে জাটকা রক্ষায় অভিযান, তিন জেলের কারাদণ্ড

ঝালকাঠির রাজাপুর উপজেলায় বিষখালী নদীতে জাটকা নিধনবিরোধী অভিযানে তিন জেলেকে আটক করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সময় জব্দ করা হয়েছে নিষিদ্ধ বেহুন্দি জাল, যা পরে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বিজ্ঞাপন
বুধবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলার বাদুরতলা এলাকায় বৈরী আবহাওয়ার মধ্যেও এই অভিযান পরিচালনা করা হয়। পরে রাতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি।
উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ বেহুন্দি জাল দিয়ে জাটকা শিকার করার সময় জেলেদের হাতেনাতে আটক করা হয়। এ সময় চারটি নিষিদ্ধ জাল জব্দ করা হয় এবং এক মাছ বিক্রেতাকেও আটক করা হয়।
বিজ্ঞাপন
ভ্রাম্যমাণ আদালতে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের আওতায় নলছিটি উপজেলার নলবুনিয়া গ্রামের মো. আক্কাস সিকদার (৪০)-কে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া একই এলাকার মো. নিজাম হাওলাদার (৫০) এবং রাজাপুর উপজেলার মো. রফিকুল ইসলাম (১৯)-কে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযান শেষে জব্দ করা জালগুলো প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি বলেন, নদীর ইলিশসহ অন্যান্য জলজ সম্পদ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।








