Logo

অডিট চলাকালে গ্রামীণ ব্যাংক ম্যানেজারের মৃত্যু

profile picture
জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জ
৭ অক্টোবর, ২০২৬, ২১:৫৩
অডিট চলাকালে গ্রামীণ ব্যাংক ম্যানেজারের মৃত্যু
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের রায়গঞ্জে গ্রামীণ ব্যাংকের নিমগাছী শাখায় অডিট চলাকালে কীটনাশকযুক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে শাখা ব্যবস্থাপক মো. আবদুস সালামের (৫০) মৃত্যু হয়েছে। এ ঘটনার পর অডিট কমিটির তিন সদস্যকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে অডিটের চাপের কারণেই তিনি এমন ঘটনা ঘটিয়েছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছী এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখাটিতে এ ঘটনা ঘটে। পরে গুরুতর অসুস্থ অবস্থায় আবদুস সালামকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

নিহত আবদুস সালাম নিমগাছী গ্রামীণ ব্যাংক শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার বাড়ি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায়। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে তিনি নিমগাছী এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

সহকর্মী ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিমগাছী শাখায় কয়েক দিন ধরে অডিট কার্যক্রম চলছিল। এ সময় আবদুস সালামকে মানসিকভাবে হতাশাগ্রস্ত মনে হচ্ছিল বলে জানান তার সহকর্মীরা। মঙ্গলবার সন্ধ্যায় তিনি দুটি কীটনাশকযুক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের সদস্য ও সহকর্মীরা দ্রুত তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

গ্রামীণ ব্যাংকের নিমগাছী শাখার কর্মী শফিকুল ইসলাম বলেন, অডিট চলাকালে আবদুস সালামকে হতাশাগ্রস্ত মনে হচ্ছিল। বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না। আমি মারা যাব।’ পরে তিনি গ্যাস ট্যাবলেট খাওয়ার কথা জানান। এরপর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।

শফিকুল ইসলাম আরও বলেন, ঘটনার পর অডিট কমিটির সদস্যদের নিয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় লোকজন ও ব্যাংকের কর্মীরা। একপর্যায়ে অডিট কমিটির তিন সদস্যকে অবরুদ্ধ করে রাখা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পরে অডিট কমিটির তিন সদস্যকে থানায় নিয়ে যায়।

তবে অডিট কার্যক্রমের চাপের কারণেই আবদুস সালাম কীটনাশকযুক্ত গ্যাস ট্যাবলেট খেয়েছেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে নিহতের পরিবারের সদস্য কিংবা গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষের বক্তব্যও পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অডিট কমিটির তিন সদস্যকে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

ওসি আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD