Logo

কুমারখালীতে এক কুকুরের কামড়ে হাসপাতালে ৩৩ জন

profile picture
জেলা প্রতিনিধি
৭ অক্টোবর, ২০২৬, ২১:৪৭
কুমারখালীতে এক কুকুরের কামড়ে হাসপাতালে ৩৩ জন
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার কুমারখালী শহরে একটি কুকুরের কামড়ে শিশু, নারী ও পুরুষসহ অন্তত ৩৩ জন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। মাত্র এক ঘণ্টার ব্যবধানে শহরের বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টার মধ্যে হলবাজার, আমতলা, ইন্দ্রা মোড়সহ বিভিন্ন এলাকায় পথচারীদের কামড় দেয় কুকুরটি।

বিজ্ঞাপন

কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সহকারী সার্জন প্রত্যয় বিশ্বাস জানান, সাড়ে ৭টা পর্যন্ত অন্তত ৩৩ জন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। আহতদের অনেকের শরীরেই বড় ধরনের ক্ষত রয়েছে। তাদের মধ্যে ২৭ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। অন্যদের বৃহস্পতিবার সকালে হাসপাতালে আসার পরামর্শ দেওয়া হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, সন্ধ্যার পর শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে পথচারীদের কামড়াতে থাকে কালো রঙের একটি কুকুর। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কুকুরটিকে আমতলা, হলবাজার ও ইন্দ্রা মোড় হয়ে সর্বশেষ নন্দলালপুর ইউনিয়নের চড়াইকোল এলাকার হয়তাপাড়ায় দেখা গেছে।

রাতে হাসপাতাল চত্বরে গিয়ে দেখা যায়, কেউ কুকুরের কামড় বা আঁচড়ের ক্ষত সাবান ও পানি দিয়ে পরিষ্কার করছেন। আবার কাউকে দেওয়া হচ্ছে ভ্যাকসিন। জরুরি বিভাগের সামনে আহত ব্যক্তি ও স্বজনদের ভিড়ও দেখা যায়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

আহত মো. রোকনুজ্জামান বলেন, তিনি কুমারখালী হলবাজার এলাকায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ একটি কালো কুকুর এসে তার পায়ে কামড় দিয়ে চলে যায়। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে ভ্যাকসিন দেন।

স্থানীয় বাসিন্দা আরিফ বলেন, সন্ধ্যায় হাসপাতালে এসে তিনি বিভিন্ন এলাকা থেকে কুকুরের কামড়ে আহত হয়ে মানুষকে চিকিৎসা নিতে আসতে দেখেছেন। দ্রুত কুকুরটিকে শনাক্ত করা না গেলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা করেন তিনি।

রাত ৮টার দিকে চড়াইকোল হয়তাপাড়া এলাকার বাসিন্দা আফজাল হোসেনও কুকুরের কামড়ে আহত হয়ে হাসপাতালে আসেন। তিনি বলেন, নামাজ শেষে বাইরে বের হওয়ার পর একটি কালো কুকুর তাকে কামড়ে দৌড়ে পালিয়ে যায়। চিকিৎসক তাকে বৃহস্পতিবার হাসপাতালে আসতে বলেছেন।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাভিদ সারওয়ার বলেন, একটি কুকুরের কামড়ে আহত হয়ে অনেকেই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। কুকুরটিকে শনাক্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD