Logo

মির্জাপুরে স্ত্রী-শিশুকে পুড়িয়ে হত্যাচেষ্টা, স্বামীর যাবজ্জীবন

profile picture
উপজেলা প্রতিনিধি
মির্জাপুর, টাঙ্গাইল
৭ অক্টোবর, ২০২৬, ১৭:২০
মির্জাপুরে স্ত্রী-শিশুকে পুড়িয়ে হত্যাচেষ্টা, স্বামীর যাবজ্জীবন
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে যৌতুকের দাবিতে স্ত্রী ও কোলের শিশুকে দাহ্য পদার্থ ঢেলে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার মামলায় মো. রাকিবুল হাসান রাকিবকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

মঙ্গলবার টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ আ. ন. ম. ইলিয়াস এ রায় ঘোষণা করেন। রাকিব মির্জাপুর উপজেলার তেলিনা উত্তরপাড়া গ্রামের আকবর আলীর ছেলে।

আদালত রাকিবকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই মামলার অপর ধারায় তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে দুই ধারার সাজা একসঙ্গে কার্যকর হবে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ওমারাও খান দিপু এবং বাদীপক্ষের আইনজীবী আশীষ কুমার সরকার (অরণ্য) জানান, বিয়ের পর থেকেই রাকিব তার স্ত্রী কনা আক্তার ইতির কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। এ নিয়ে তাকে নির্যাতনও করা হতো বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

নির্যাতন সহ্য করতে না পেরে কনা ১৮ মাস বয়সী ছেলে মোহাম্মদকে নিয়ে মির্জাপুরের আজগানা এলাকায় বাবার বাড়িতে চলে যান।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ২২ ডিসেম্বর রাকিব সেখানে গিয়ে স্ত্রী ও শিশুর শরীরে বার্নিশ ও টারপিন ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে কনার মুখ, বুক, পিঠ ও হাত এবং শিশুটির কপাল ও পা দগ্ধ হয়।

বিজ্ঞাপন

পরে তাদের প্রথমে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

মামলার শুনানিতে সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত রাকিবকে এ সাজা দেন। একই সঙ্গে জরিমানার অর্থ স্ত্রী ও সন্তানের ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD