চালকের বদলে হেল্পারের হাতে স্টিয়ারিং, গাছে ধাক্কা খেল যাত্রীবাহী বাস

চুয়াডাঙ্গার দামুড়হুদায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছে ধাক্কা দিয়েছে। এতে বড় ধরনের প্রাণহানি না ঘটলেও অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাসের যাত্রীরা। দুর্ঘটনার পর চালক ও হেল্পার দুজনই পালিয়ে গেছেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোররাত প্রায় ৪টার দিকে উপজেলার হাউলি ইউনিয়নের জয়রামপুর কাঁঠালতলা বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। কুয়াকাটা থেকে ছেড়ে আসা ‘নিউ মর্ডান’ পরিবহনের বাসটি দামুড়হুদা-দর্শনা মহাসড়ক হয়ে মেহেরপুরের দিকে যাচ্ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে চলতে থাকা বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছ ও একটি টিনের দোকানে ধাক্কা দেয়। বিকট শব্দে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজে অংশ নেন।
বিজ্ঞাপন
বাসে থাকা যাত্রীদের অভিযোগ, দীর্ঘ পথ চলার কারণে ক্লান্ত হয়ে চালক স্টিয়ারিং হেল্পারের হাতে তুলে দেন। অভিজ্ঞতা না থাকায় হেল্পার গাড়ির নিয়ন্ত্রণ রাখতে না পেরে দুর্ঘটনাটি ঘটায়।
দুর্ঘটনায় বাসটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও যাত্রীদের বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কয়েকজন যাত্রী সামান্য আহত হলেও সবাই আশঙ্কামুক্ত রয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, অনেক সময় পরিবহন সংশ্লিষ্টদের অবহেলার কারণে হেল্পারদের হাতে গাড়ির নিয়ন্ত্রণ তুলে দেওয়া হয়, যা যাত্রীদের জীবনের জন্য বড় ঝুঁকি তৈরি করছে। তারা সড়কে নিয়মিত তদারকি জোরদার ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
বিজ্ঞাপন
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন জানান, দুর্ঘটনায় বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বাসটি উদ্ধারের কাজ চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।








