কিশোরগঞ্জে রেকর্ড বৃষ্টি, হাওরে ভাসছে কৃষকের স্বপ্ন

কিশোরগঞ্জে টানা ভারী বর্ষণে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, যার ফলে হাওরাঞ্চলে পানির স্তর দ্রুত বেড়ে গিয়ে তলিয়ে যাচ্ছে কৃষকের স্বপ্নের বোরো ফসল। অতিবৃষ্টির কারণে নিচু জমিগুলো এখন থৈ থৈ পানিতে ভরে গেছে, এতে চরম বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা।
বিজ্ঞাপন
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর সঙ্গে বুধবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আরও ৯১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৯ ডিগ্রি সেলসিয়াসে।
বুধবার (২৯ এপ্রিল) বিকেল ৩টার দিকে নিকলী আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক আখতার ফারুক এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এ পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগের দিন সোমবার ২০ মিলিমিটার ও আজ সকাল ৬টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ৯১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামীকালও বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলেও জানান তিনি।
টানা চার দিনের ভারী বর্ষণে কিশোরগঞ্জের হাওরাঞ্চলের নিম্নাঞ্চলে প্রায় সাড়ে নয়শ হেক্টর জমি তলিয়ে গেছে। ফলে বোরো ধান কাটতে গিয়ে চরম দুর্ভোগে পড়েছেন কৃষকরা। বৃষ্টির কারণে মাঠ থেকে কেটে আনা ধান শুকাতে না পেরে বিপাকে পড়েছেন কৃষক।
বিজ্ঞাপন
এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সাদিকুর রহমান জানিয়েছেন, মাঠপর্যায়ের সর্বশেষ তথ্যে দেখা গেছে প্রায় ৩ হাজার হেক্টর জমি ইতোমধ্যে পানির নিচে তলিয়ে গেছে। পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে এবং দিন দিন প্লাবিত জমির পরিমাণ বাড়ছে বলেও তিনি উল্লেখ করেন।








