মেহেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে শোয়ার ঘরে মাদকবাহী গাড়ি, চালক আটক

মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী তেরঘরিয়া গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার সরাসরি একটি বসতঘরের ভেতরে ঢুকে পড়ার ঘটনা ঘটেছে।
বিজ্ঞাপন
বুধবার (২৯ এপ্রিল) ভোরে ঘটে যাওয়া এ ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান ঘরে ঘুমিয়ে থাকা আরশাদ আলী।
পুলিশ ঘটনাস্থল থেকে দেড় কেজি গাঁজাসহ প্রাইভেটকারের চালক অনিক হোসেন বিপ্লবকে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোর প্রায় পৌনে ৫টার দিকে দ্রুতগতির একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে তেরঘরিয়া গ্রামের দক্ষিণপাড়ায় আরশাদ আলীর বাড়ির শোয়ার ঘরের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়ে। দেয়াল ধসে তিনি সামান্য আহত হন। পরে গাড়িটি উল্টে সড়কের ওপর পড়ে যায়। দুর্ঘটনার শব্দে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেন।
বিজ্ঞাপন
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালককে আটক করে। এ সময় তার পায়ের কাছে স্কচটেপে মোড়ানো তিনটি পটলা পাওয়া যায়। পরে সেগুলো খুলে দেখা যায়, প্রতিটিতে প্রায় ৫০০ গ্রাম করে মোট দেড় কেজি গাঁজা রয়েছে।
রামদাসপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই অনুপ কুমার দাস জানান, ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চালককে আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজাসহ তাকে ক্যাম্পে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিজ্ঞাপন
স্থানীয়দের দাবি, আটক বিপ্লব দীর্ঘদিন ধরে এ এলাকায় মাদক পরিবহনের সঙ্গে জড়িত। গভীর রাত বা ভোরে নিয়মিত এ পথে যাতায়াত করত সে।
আরশাদ আলী বলেন, “ফজরের আজানের সময় হঠাৎ একটি গাড়ির বিকট শব্দ শুনি। কিছু বুঝে ওঠার আগেই গাড়িটি ঘরের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়ে। আল্লাহর রহমতে বড় ধরনের ক্ষতি থেকে বেঁচে গেছি।”








