বিরোধপূর্ণ জমিতে আইসিটি ভবন নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় বিরোধপূর্ণ জমিতে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার (আইসিটি ভবন) নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন
নির্মাণকাজে বাধা দেওয়ার অভিযোগে দুই নারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। পরে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতদের একজন সুমি আক্তার (২৬), যার আড়াই বছরের একটি শিশু সন্তান রয়েছে। এ ঘটনায় স্থানীয়ভাবে ব্যাপক সমালোচনা ও নিন্দার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৮ সালে ইউআইটিআরসিই-২ প্রকল্পের আওতায় ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের ১০ শতাংশ জমিতে আইসিটি ভবন নির্মাণের প্রস্তাব পাঠানো হয়। পরবর্তীতে ২০২৩ সালে ১৬৩টি অনুমোদিত ভবনের তালিকায় ঈশ্বরগঞ্জও অন্তর্ভুক্ত হয় এবং নির্মাণকাজ শুরু হয়।
বিজ্ঞাপন
তবে কাজ শুরুর পর থেকেই স্থানীয় মকবুল হোসেন গং ওই জমির প্রায় সাড়ে ৪ শতাংশ অংশ নিজেদের মালিকানার দাবি করে বাধা দিয়ে আসছেন। তাদের দাবি, সেখানে পারিবারিক কবরস্থানও রয়েছে এবং বিষয়টি আদালতে বিচারাধীন।
প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কোরিয়ান কোম্পানি হোবান ইএনসি’র ইঞ্জিনিয়ার কৌশিক রঞ্জন সরকার জানান, উপজেলা প্রশাসনের নির্দেশিত স্থানেই কাজ চলছে। কিন্তু স্থানীয় কিছু ব্যক্তি বারবার বাধা সৃষ্টি করায় কাজ ব্যাহত হচ্ছে। পরে বাধা দেওয়ার ঘটনায় মামলা করা হয়।
বিজ্ঞাপন
ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস বলেন, “উপজেলা পরিষদের অধীন ১ একর ৭৪ শতাংশ জমিতেই ভবন নির্মাণ করা হচ্ছে। আইনগতভাবে এখানে বাধা দেওয়ার কোনো সুযোগ নেই। বারবার সতর্ক করার পরও বাধা দেওয়ায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।”
ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আযম জানান, নির্মাণ কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় দুই নারীকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
একজন শিশুসন্তানের মাকে গ্রেপ্তার করার বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয়রা বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে পুনর্বিবেচনার দাবি তুলেছেন।








