Logo

রাজাপুরে অপরিকল্পিত খাল খননে সড়কে ধস, ভোগান্তিতে জনজীবন

profile picture
উপজেলা প্রতিনিধি
রাজাপুর, ঝালকাঠি
২৯ এপ্রিল, ২০২৬, ১৩:১৭
রাজাপুরে অপরিকল্পিত খাল খননে সড়কে ধস, ভোগান্তিতে জনজীবন
ছবি: প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুর উপজেলার তুলাতলা এলাকায় অপরিকল্পিত খাল খননের ফলে একটি গুরুত্বপূর্ণ পিচঢালা সড়কে ধস নেমেছে। এতে স্থানীয়দের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে এবং আসন্ন বর্ষা মৌসুমে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৯ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, খালের পাড়ঘেঁষা সড়কের একাংশ ধসে পড়ায় যান চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী, রোগী ও জরুরি সেবার যানবাহন চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর আওতায় প্রায় ২৪ কিলোমিটার খাল খনন প্রকল্পের কাজ চলছে। গত ২২ মার্চ প্রকল্পটির উদ্বোধন করা হয়। সম্প্রতি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করলে তুলাতলা এলাকায় এই ধসের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এলাকাবাসীর অভিযোগ, খননকাজে সঠিক কারিগরি পরিকল্পনা অনুসরণ করা হয়নি। ভেকু মেশিন দিয়ে রাস্তার পাশ ঘেঁষে অতিরিক্ত গভীর করে মাটি কাটায় সড়কের ভিত্তি দুর্বল হয়ে পড়ে। খালের এক পাশে খাড়া কাটা এবং অন্য পাশে ঢাল রেখে খননের ফলে ভারসাম্যহীনতা সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দা এমাদুল সরদার বলেন, “বারবার নিষেধ করলেও আমাদের কথা শোনা হয়নি। এখন সেই খামখেয়ালিপনার ফল ভোগ করছি।” ইউসুফ মোল্লা জানান, সতর্ক করার পরও কাজের ধরন পরিবর্তন করা হয়নি, যার ফলেই সড়ক ধসে পড়েছে।

অন্যদিকে ভেকু মেশিনের মালিক তরিকুল ইসলাম তারেক দাবি করেন, “প্রথমে সামান্য ফাটল ছিল, পরে বড় ধসে রূপ নেয়। এতে দুষ্কৃতিকারীদের হাত থাকতে পারে।”

বিজ্ঞাপন

উপজেলা এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদার বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। খননকাজ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।”

রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি জানান, “কাজে কোনো গাফিলতি ছিল কি না তা খতিয়ে দেখা হবে। দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হবে।”

বিজ্ঞাপন

এলজিইডি সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে প্রায় ৩ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে উপজেলায় ১৩টি খাল খনন ও ৩টি বাঁধ নির্মাণের কাজ চলছে। তুলাতলা এলাকার কাজও এর অন্তর্ভুক্ত।

তবে স্থানীয়দের দাবি, দায়সারা মেরামত নয়—স্থায়ী ও টেকসই সমাধানের মাধ্যমে সড়কটি পুনর্নির্মাণ করা হোক। অন্যথায় বর্ষা মৌসুমে বড় ধরনের দুর্ঘটনা ও দীর্ঘমেয়াদি যোগাযোগ বিচ্ছিন্নতার আশঙ্কা রয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD