জিয়ানগরে ভুয়া চিকিৎসক আটক, ভ্রাম্যমাণ আদালতের অভিযান

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় ভুয়া চিকিৎসক সেজে দীর্ঘদিন ধরে চিকিৎসা দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তার এক সহযোগীকেও আটক করা হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৮ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মো. হাফিজুর রহমানের নেতৃত্বে সরকারি ইন্দুরকানী কলেজ মোড় সংলগ্ন একটি বাসায় অভিযান চালানো হয়।
অভিযানে এমবিবিএস বা বিডিএস ডিগ্রি ছাড়াই নিজেকে চিকিৎসক পরিচয়দানকারী এম. এ. আকবর (৩৭)-এর কার্যক্রম ধরা পড়ে। তিনি “ডাক্তার” পদবি ব্যবহার করে টিউমার, ক্যান্সার, বন্ধ্যাত্ব, হৃদরোগ, কিডনি ও পিত্তথলির পাথরসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসা দিয়ে আসছিলেন।
বিজ্ঞাপন
এ সময় “ঢাকা হোমিও ক্লিনিক” নাম ব্যবহার করে একটি Quantum Resonance Magnetic Analyzer ডিভাইসের মাধ্যমে ভুয়া পরীক্ষা-নিরীক্ষার তথ্য প্রদর্শন করে রোগীদের বিভ্রান্ত করার প্রমাণ পাওয়া যায়।
অভিযানের সময় তার সহযোগী রতন কুমার শীল (৪০)-কেও আটক করা হয়। তদন্তে জানা যায়, তিনি গ্রিন কার্ডের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করছিলেন।
বিজ্ঞাপন
ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করায় এম. এ. আকবরকে ৫০ হাজার টাকা জরিমানা এবং ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অন্যদিকে রতন কুমার শীলকে ৯০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. পারভীন, থানা পুলিশ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।








