তিন দিন পর দর্শনা–গেদে চেকপোস্টে স্বাভাবিক হলো যাত্রী চলাচল

ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় বিধানসভা নির্বাচন উপলক্ষে টানা তিন দিন বন্ধ থাকার পর চুয়াডাঙ্গার দর্শনা–গেদে আন্তর্জাতিক চেকপোস্টে পুনরায় যাত্রী চলাচল শুরু হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ৬টা থেকে দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিকভাবে চালু হয়।
এর আগে গত সোমবার (২৭ এপ্রিল) সকাল থেকে চেকপোস্ট দিয়ে সাধারণ যাত্রী চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এই নিষেধাজ্ঞা কার্যকর ছিল বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত।
তবে বন্ধের সময়েও বিশেষ ক্ষেত্রে ছাড় দেওয়া হয়। বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকরা নিজ দেশে ফিরতে পেরেছেন এবং জরুরি চিকিৎসার প্রয়োজনে বাংলাদেশি নাগরিকদের ভারতে যাওয়ার সুযোগ রাখা হয়েছিল।
বিজ্ঞাপন
দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তুহিন জানান, নদিয়া জেলার জেলা প্রশাসক ও নির্বাচন কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বর্তমানে চেকপোস্টের সব কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।
তিনি আরও জানান, সামনে নির্দিষ্ট সময় থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য পর্যটন ভিসা চালুর বিষয়েও ইতিবাচক বার্তা পাওয়া গেছে।








