Logo

দর্শনায় বিএনপি নেতার জানাজায় হাজারো মানুষের ঢল

profile picture
উপজেলা প্রতিনিধি
দামুড়হুদা, চুয়াডাঙ্গা
৬ অক্টোবর, ২০২৬, ১৮:৪৮
দর্শনায় বিএনপি নেতার জানাজায় হাজারো মানুষের ঢল
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার দর্শনা পৌর বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সমন্বয়ক কমিটির সদস্য এবং সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি হাজী খন্দকার শওকত আলী মারা গেছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে অসুস্থ হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বিজ্ঞাপন

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হাজী খন্দকার শওকত আলী। শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তাঁর মৃত্যু হয়।

তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দর্শনা পৌর বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। দলীয় নেতাকর্মী, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

মরহুমের রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা স্মরণ করে জেলা ও পৌর বিএনপির নেতারা গভীর শোক প্রকাশ করেন। তাঁরা তাঁর রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, দর্শনা পৌর এলাকায় বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী ও সুসংগঠিত করতে হাজী খন্দকার শওকত আলীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাঁর রাজনৈতিক ও সামাজিক অবদান দলীয় নেতাকর্মী এবং স্থানীয় মানুষ দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবেন।

মঙ্গলবার বাদ আসর দর্শনা বাজার মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ হাজারো মানুষ অংশ নেন।

জানাজায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ওহেদুজ্জান বুলা, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রাজিব, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি রফিকুল হাসান তনু, সাংগঠনিক সম্পাদক হাশেম রেজা, সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলু রহমান, দর্শনা থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খাজা আবুল হাসনাত, সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আহম্মেদ আলী, চুয়াডাঙ্গা বার কাউন্সিলের পিপি অ্যাডভোকেট শাহাজাহান মকুল, এপিপি আব্দুর রউফ, দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট, সমন্বয়ক আলহাজ মশিউর রহমান, দর্শনা কলেজ ছাত্র সংসদের জিএস ও সমন্বয়ক এনামুল হক শাহ মুকুল, সমন্বয়ক ইকবাল হোসেন এবং সাংবাদিক শরীফ উদ্দীন।

বিজ্ঞাপন

এ ছাড়া জেলা, উপজেলা ও থানা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং দর্শনা বাজার কমিটির সভাপতি তোফাজ্জেল হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রতন, সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানাজায় অংশ নেন।

জানাজা শেষে দর্শনা মোবারকপাড়া কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। এ সময় সেখানে এক বেদনাবিধুর পরিবেশের সৃষ্টি হয়।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD