Logo

শাহজাদপুরে ভাতিজাকে কুপিয়ে হত্যার ঘটনায় দুই চাচা গ্রেফতার

profile picture
উপজেলা প্রতিনিধি
শাহজাদপুর, সিরাজগঞ্জ
৯ মে, ২০২৬, ১৫:৫৩
শাহজাদপুরে ভাতিজাকে কুপিয়ে হত্যার ঘটনায় দুই চাচা গ্রেফতার
ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় চাঞ্চল্যকর শিশু হৃদয় সরদার হত্যা মামলার প্রধান দুই আসামিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। আত্মগোপনে থাকা আসামিদের ধরতে পুলিশ সদস্যরা কৃষকের ছদ্মবেশে অভিযান চালায়। পরে সুনামগঞ্জের হাওর এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলেন হামেদ সরদার, পেশকার সরদার ও লাল মিয়া। শুক্রবার (৮ মে) তাদের আদালতে পাঠানো হলে দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল সকালে শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের মাজ্জান গ্রামে বাড়ির জায়গা নিয়ে ফারুক সরদারের সঙ্গে তাঁর দুই ভাই হামেদ সরদার ও পেশকার সরদারের বিরোধ বাধে। একপর্যায়ে হামেদ সরদার হাসুয়া দিয়ে ফারুককে কোপ দিতে গেলে পাশে দাঁড়িয়ে থাকা পাঁচ বছর বয়সী শিশু হৃদয় সরদারের মাথায় আঘাত লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

এ ঘটনায় নিহত শিশুর বাবা ফারুক সরদার বাদী হয়ে শাহজাদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় হামেদ সরদার ও পেশকার সরদারসহ ৯ জনকে আসামি করা হয়।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের পর আসামিরা আত্মগোপনে চলে যায়। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে জানা যায়, তারা ধর্মপাশা উপজেলা-এর হাওর এলাকায় অবস্থান করছে।

বিজ্ঞাপন

পরে থানার উপ-পরিদর্শক মোমিনুর রহমান, শাহ্ আলম, এএসআই মোস্তফা কামালসহ পুলিশের একটি দল কৃষকের বেশ ধারণ করে অভিযান চালায়। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ধান কাটার সময় তিন আসামিকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে এবং মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD