হবিগঞ্জের সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

হবিগঞ্জ থেকে সিলেটগামী বিরতিহীন বাস মৌলভীবাজারে আটকে দেওয়ার ঘটনার প্রতিবাদে হবিগঞ্জের সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন মালিকরা। মঙ্গলবার (১২ মে) সকাল থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে।
বিজ্ঞাপন
জানা গেছে, সোমবার রাতে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে মতবিনিময় শেষে এ সিদ্ধান্ত নেয় হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ। পরে তারা আনুষ্ঠানিকভাবে বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয়।
আরও পড়ুন: দৈনিক ১৫ কেজি খাবার খায় ২৫ মণ ওজনের নবাব
হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী অভিযোগ করেন, গত রবিবার সকাল ৭টা থেকে মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব ও বাস মালিক সমিতির সভাপতি আব্দুর রহিম রিপনের লোকজন শেরপুর এলাকায় হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাস আটকে রাখছেন।
বিজ্ঞাপন
তার দাবি, গত দুই দিনে অন্তত ৩৫ থেকে ৪০টি বাস আটকে রাখা হয়েছে। পাশাপাশি প্রায় ২০০ পরিবহন শ্রমিক সেখানে অনিরাপদ অবস্থায় রয়েছেন। এ ঘটনার প্রতিবাদে তারা অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। সমস্যার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে বলেও জানান তিনি।
এ বিষয়ে মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব ও বাস মালিক সমিতির সভাপতি আব্দুর রহিম রিপনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি সভায় ব্যস্ত থাকার কথা জানান।
বিজ্ঞাপন
হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ বলেন, এ বিষয়ে সকালে মৌলভীবাজারের জেলা প্রশাসকের সঙ্গে কথা হয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, দ্রুতই সমস্যার সমাধান হবে।
এদিকে পূর্বঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। অনেকেই বাসস্ট্যান্ডে এসে জানতে পারছেন, কোনো বাস চলাচল করছে না। ফলে বাধ্য হয়ে যাত্রীরা সিএনজি চালিত অটোরিকশা বা অন্য যানবাহনে করে শায়েস্তাগঞ্জ যাচ্ছেন। সেখান থেকে আবার অন্য বাসে গন্তব্যে যেতে হচ্ছে।
এই সুযোগে সিএনজিচালিত অটোরিকশা চালকদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও উঠেছে। এতে সাধারণ যাত্রীদের দুর্ভোগ আরও বেড়েছে।
বিজ্ঞাপন








