Logo

বাংলাদেশি গরু ধরে নিয়ে যাওয়ার চেষ্টা বিএসএফের, বাধা দিলো স্থানীয়রা

profile picture
জেলা প্রতিনিধি
লালমনিরহাট
১২ মে, ২০২৬, ১৯:৩৫
বাংলাদেশি গরু ধরে নিয়ে যাওয়ার চেষ্টা বিএসএফের, বাধা দিলো স্থানীয়রা
ছবি: সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ধবলগুড়ি সীমান্তে বাংলাদেশি গরু ধরে নিয়ে যাওয়ার চেষ্টা ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরে স্থানীয়দের বাধা ও সীমান্তরক্ষী বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১২ মে) দুপুরে আন্তর্জাতিক সীমান্ত পিলার ৮৭৩-এর কাছে এ ঘটনা ঘটে। স্থানীয় ও সীমান্ত সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে কয়েকটি বাংলাদেশি গরু সীমান্তের কাছাকাছি ভারতীয় অংশে ঘাস খাচ্ছিল। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা গরুগুলো ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।

এ ঘটনায় স্থানীয় বাংলাদেশিরা ঘটনাস্থলে জড়ো হয়ে বাধা দিলে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয় এবং সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বিএসএফ সদস্যরা পিছু হটে নিজেদের অবস্থানে ফিরে যান।

স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম জানান, গরু নিয়ে যাওয়ার চেষ্টা ঘিরেই মূলত এই উত্তেজনা তৈরি হয়। পরে বিজিবির হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং বর্তমানে সীমান্ত এলাকায় স্বাভাবিক অবস্থা বিরাজ করছে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, “বিএসএফ একটি গরু নিয়ে যাওয়ার চেষ্টা করলে সীমান্তে উত্তেজনা দেখা দেয়। পুলিশ ঘটনাস্থলের কাছাকাছি ছিল, তবে জিরো পয়েন্টে যায়নি। পরে পরিস্থিতি শান্ত হয়ে যায়।”

বিজ্ঞাপন

তিনি আরও জানান, এ ঘটনায় কাউকে আটক বা নিয়ে যাওয়া হয়নি এবং পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD