Logo

এক এসএসসি পরীক্ষার্থীর দায়িত্বে শিক্ষক, প্রশাসনসহ ৮ কর্মকর্তা

profile picture
জেলা প্রতিনিধি
বগুড়া
১৪ মে, ২০২৬, ১৫:২২
এক এসএসসি পরীক্ষার্থীর দায়িত্বে শিক্ষক, প্রশাসনসহ ৮ কর্মকর্তা
ছবি: সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জ উপজেলার একটি এসএসসি পরীক্ষাকেন্দ্রে মাত্র একজন পরীক্ষার্থী অংশ নিলেও পরীক্ষা পরিচালনায় দায়িত্ব পালন করেছেন শিক্ষক, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ মোট ৮ কর্মকর্তা-কর্মচারী। ঘটনাটি ঘটেছে উপজেলার গুজিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।

বিজ্ঞাপন

বুধবার (১৩ মে) অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার হিসাববিজ্ঞান বিষয়ে ওই কেন্দ্রে পরীক্ষার্থী ছিলেন মাত্র একজন। তবে শিক্ষা বোর্ডের বিধি অনুযায়ী পূর্ণাঙ্গ কেন্দ্র পরিচালনার সব ব্যবস্থাই রাখা হয়। ফলে একজন শিক্ষার্থীর জন্যও পুরো কেন্দ্র চালু রাখতে হয়েছে কর্তৃপক্ষকে।

কেন্দ্র সূত্রে জানা গেছে, পরীক্ষা চলাকালে পুরো কেন্দ্রজুড়ে ছিল নীরব পরিবেশ। একটি কক্ষে একা বসেই পরীক্ষায় অংশ নেন ওই শিক্ষার্থী। নিয়ম অনুযায়ী কেন্দ্রে নিরাপত্তা, তদারকি ও প্রশাসনিক দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সবাই উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

গুজিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব শাহিনুর আলম জানান, শিক্ষা বোর্ডের নির্দেশনা মেনেই পরীক্ষার সব প্রস্তুতি নেওয়া হয়েছিল। পরীক্ষার্থী একজন হলেও নিয়মের কোনো ব্যত্যয় ঘটানো হয়নি।

তিনি আরও বলেন, কেন্দ্রে দায়িত্ব পালন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, ট্যাগ অফিসার, কেন্দ্র সচিব, কক্ষ পরিদর্শক, সহকারী শিক্ষক, পুলিশ সদস্য এবং দুইজন অফিস সহায়ক। সব মিলিয়ে একজন পরীক্ষার্থীর পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মোট ৮ জন দায়িত্ব পালন করেন।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD