Logo

চট্টগ্রামে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল ফারুকের মরদেহ

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
১৬ অক্টোবর, ২০২৬, ২০:১১
চট্টগ্রামে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল ফারুকের মরদেহ
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে নিখোঁজ হওয়ার দুই দিন পর ফারুক উদ্দিন (৫০) নামে এক দৃষ্টি ও মানসিক প্রতিবন্ধী ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার জাফতনগর ইউনিয়নের মুফতি বাড়ির সামনের একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

ফারুক উদ্দিন ওই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। তিনি এক সন্তানের জনক।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (১৪ অক্টোবর) রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন ফারুক। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। অবশেষে শুক্রবার সকালে বাড়ির সামনের পুকুরে তাঁর মরদেহ দেখতে পান স্থানীয়রা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

জাফতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউদ্দিন জিয়া জানান, ফারুক দৃষ্টি ও মানসিক প্রতিবন্ধী ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় পুলিশের অনুমতি নিয়ে মরদেহ দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, পুকুর থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।

ওসি আরও জানান, স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে ফারুক উদ্দিন চলাফেরায় ভারসাম্যহীনতায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, চলাচলের সময় অসাবধানতাবশত পুকুরে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে এটি প্রাথমিক ধারণা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD