টিকটক ভিডিও বানাতে গিয়ে ট্রেনের নিচে প্রাণ গেল ২ পরীক্ষার্থীর

গাজীপুরের ধীরাশ্রম রেলস্টেশন এলাকায় টিকটক ভিডিও ধারণ করতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে দুই এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার রাত ১০টার দিকে দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহতদের একজন মো. নাঈম। তিনি গাজীপুরের কাপাসিয়া উপজেলার আমরাইদ এলাকার মো. নোমান উদ্দিনের ছেলে। নাঈম মহানগরের ধীরাশ্রম এলাকায় খালার বাসায় থেকে স্থানীয় গীর্জা কিশোর (জিকে) উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করতেন এবং চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
অপর নিহত যুবক নাঈমের বন্ধু বলে স্থানীয়রা ধারণা করছেন। তবে ট্রেনের ধাক্কায় তার মাথা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মাহমুদুল হাসান। তিনি জানান, ধীরাশ্রম রেলস্টেশন সংলগ্ন এলাকায় রেললাইনের পাশে অবস্থান করার সময় তিস্তা এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে দুই তরুণ নিহত হন।
নিহত নাঈমের খালাতো ভাই মো. আব্দুল কাদির জানান, বুধবার রাত ৯টার দিকে জরুরি কাজের কথা বলে মোবাইল ফোন হাতে বাসা থেকে বের হন নাঈম। কিছুক্ষণ পর স্থানীয়দের মাধ্যমে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি নাঈমসহ আরও এক যুবকের মরদেহ রেললাইনের পাশে পড়ে থাকতে দেখেন।
বিজ্ঞাপন
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।







