টেকনাফে পুলিশ পরিচয়ে ডেকে নিয়ে অপহরণের অভিযোগ

কক্সবাজারের টেকনাফে গভীর রাতে পুলিশ পরিচয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে হোছেন আলী (৫৫) নামে এক ব্যক্তিকে অপহরণ করে পাহাড়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।
বিজ্ঞাপন
শনিবার (১৬ মে) দিবাগত রাত পৌনে দুইটার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে সাত আট জন ব্যক্তি একটি গাড়িযোগে এসে নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দেন। পরে তারা হোছেন আলীকে ঘর থেকে বাইরে ডেকে এনে কিছু জিজ্ঞাসাবাদের কথা বলে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যায়। ঘটনার আকস্মিকতায় পরিবারের সদস্যরা কিছু বুঝে ওঠার আগেই গাড়িটি দ্রুত স্থান ত্যাগ করে।
বিজ্ঞাপন
স্বজনদের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তিরা নিজেদের পুলিশ পরিচয় দিলেও কোন থানার বা কোন সংস্থার সদস্য তা স্পষ্ট করেনি। এমনকি কাউকে কোনো ধরনের গ্রেপ্তারি পরোয়ানা বা পরিচয়পত্রও দেখানো হয়নি। তারা পাহাড়ী অপহরণকারী। এরপর থেকে হোছেন আলীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
এ ঘটনায় পরিবারের সদস্যরা ভেঙে পড়েছেন। তারা আশঙ্কা করছেন, পরিকল্পিতভাবে তাকে অপহরণ করা হয়ে থাকতে পারে। পরিবারের পক্ষ থেকে দ্রুত তাকে জীবিত উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।
বিজ্ঞাপন
স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতি টেকনাফের অপহরণকারীরা বিভিন্ন এলাকায় অপরাধ ও ছদ্মবেশী চক্রের তৎপরতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। গভীর রাতে পুলিশ পরিচয়ে কাউকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় সাধারণ মানুষের মাঝে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এদিকে এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটন এবং নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
তবে এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, অপহৃত ব্যক্তিকে উদ্ধারে পুলিশ কাজ করছে।








