নামাজরত স্ত্রীসহ ৩ জনকে কুপিয়ে হত্যাচেষ্টা, স্বামী আটক

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ৩ নম্বর দাড়িয়াল ইউনিয়নে নামাজরত স্ত্রী, শ্বশুর ও শাশুড়িকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে উজ্জ্বল হাওলাদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এসময় গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় অভিযুক্ত উজ্জ্বল হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, দাড়িয়াল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মন্টু হাওলাদারের ছেলে উজ্জ্বল হাওলাদার একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তমপুর গ্রামের মিন্টুর মেয়ে রুমানা আক্তারকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। এর জেরে প্রায় দুই মাস আগে রুমানা আক্তার বাবার বাড়িতে চলে আসেন। ঘটনার দুই দিন আগে উজ্জ্বল হাওলাদার শ্বশুরবাড়িতে আসেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে হঠাৎ ক্ষিপ্ত হয়ে উজ্জ্বল হাওলাদার তার স্ত্রী রুমানা আক্তারকে নামাজরত অবস্থায় ধারালো চাকু দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন বলে অভিযোগ উঠেছে। এ সময় মেয়ের চিৎকার শুনে তাকে রক্ষা করতে এগিয়ে আসেন রুমানার মা মাহমুদা বেগম। তাকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়।
বিজ্ঞাপন
পরে রুমানার বাবা মিন্টু এগিয়ে এলে তাকেও এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন অভিযুক্ত উজ্জ্বল। স্থানীয়দের দাবি, হামলার পর আহতদের ঘরের দরজা বাইরে থেকে তালাবদ্ধ করে অভিযুক্ত পালিয়ে যান।
পরে আহতদের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে তাদের উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় তিনজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, অভিযুক্ত উজ্জ্বল হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন








