Logo

আলমডাঙ্গায় চোর সন্দেহে ভ্যান চালককে পিটিয়ে হত্যার অভিযোগ

profile picture
উপজেলা প্রতিনিধি
আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা
১৮ মে, ২০২৬, ১২:১৭
আলমডাঙ্গায় চোর সন্দেহে ভ্যান চালককে পিটিয়ে হত্যার অভিযোগ
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় চোর সন্দেহে দুদু (২৫) নামে এক ভ্যানচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

রবিবার (১৭ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হাউসপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে বাংলাদেশ পুলিশ। নিহত দুদু উপজেলার কালিদাসপুর ইউনিয়নের আসাননগর গ্রামের মিজানুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ মে হাউসপুর গ্রামের অন্তর নামে এক যুবকের একটি ভ্যানগাড়ি চুরি হয়। এরপর অন্তর কয়েকজনকে সঙ্গে নিয়ে ভ্যানটি খুঁজতে শুরু করেন।

বিজ্ঞাপন

অভিযোগ রয়েছে, রবিবার সকালে কয়েকজন দুদুর বাড়িতে গিয়ে তার মাকে ছেলে ভ্যান চুরি করেছে বলে হুমকি দেন। পরে রাতেই হাউসপুর বটতলা এলাকা থেকে দুদুর মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের মা ময়না খাতুন বলেন, সকালে খবিরসহ ৪-৫ জন তাদের বাড়িতে এসে দুদুকে খুঁজতে থাকে এবং ভ্যান চুরির অভিযোগ তোলে। ভ্যান ফেরত না দিলে তাকে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়। পরে রাতে স্থানীয়দের মাধ্যমে তিনি জানতে পারেন, তার ছেলেকে হাউসপুর ঈদগাহ মাঠের কাছে পিটিয়ে হত্যা করা হয়েছে।

বিজ্ঞাপন

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ঘটনার বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD